মক্কা প্যাক্ট হিসেবে পরিচিতি পাওয়া মক্কা প্রতিরক্ষা জোট সমপর্যায়ের অন্যান্য জোটের তুলনায় দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইসলামাবাদে জোটের কৌশলগত, রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির দ্বিতীয় সাধারণ বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের ফিদান জানান, জোটের বেসামরিক সদর দফতর সেক্রেটারিয়েট-জেনারেল এবং সামরিক শাখা যৌথ সামরিক কমান্ড গঠনের বিষয়ে সদস্যদেশগুলো নীতিগতভাবে সব সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার কমিটি এর অধিকাংশ অনুমোদন করেছে এবং কিছু বিষয় তুরস্কে অনুষ্ঠেয় পরবর্তী বৈঠকের জন্য স্থগিত রাখা হয়েছে। বৈঠকে ফিদানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার ও চিফ অব জেনারেল স্টাফ জেনারেল সেলচুক বায়রাকতারোগলু উপস্থিত ছিলেন।
ফিদান জানান, কমিটি এ পর্যন্ত একটি জরুরি ও দুটি সাধারণসহ মোট তিনবার বৈঠক করেছে এবং এর স্থায়ী কমিটিগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। বৈঠকে সৌদি আরবের প্রতি হুথি হুমকিসহ আঞ্চলিক বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কীভাবে ইতিবাচক ফলাফলের দিকে নেওয়া যায় এবং ইউক্রেন যুদ্ধ নিয়েও কমিটি ও দ্বিপক্ষীয় আলোচনায় কথা হয়।
জোটের মূল উদ্দেশ্য সম্পর্কে ফিদান বলেন, সদস্যদের সামরিক ও প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা একত্রিত করে সম্মিলিত প্রভাব বাড়ানো এবং শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখাই এর লক্ষ্য। অন্য কোনও দেশ এই জোটে যোগ দিতে চাইলে সেটির প্রক্রিয়া ও নীতিমালার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গত আগস্টে মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই ত্রিপক্ষীয় চুক্তিতে সই করেন। পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নৌমান মাহমুদ জোটের প্রথম মহাসচিব নিযুক্ত হয়েছেন এবং রিয়াদে এর সচিবালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড