রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করলো সৌদি আরব

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোটের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার ভোরে রিয়াদ অভিমুখী একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দক্ষিণাঞ্চলে চালানো আরেকটি হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি আরবের বিভিন্ন জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর সৌদি বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা জোরদার করেছে হুথিরা। জবাবে ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব।

রবিবার সৌদি জোট জানায়, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সহায়ক গুরুত্বপূর্ণ সম্পদ ধ্বংস করতে তাদের যৌথ বাহিনী সামরিক অভিযান চালিয়েছে। তবে লক্ষ্যবস্তু বা অভিযানের স্থান সম্পর্কে কিছু জানানো হয়নি।

হুথিদের দাবি, গত ৪৮ ঘণ্টায় তারা দৈনিক চার লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতাসম্পন্ন সৌদি আরামকোর জাজান শোধনাগার এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। এর আগে বৃহস্পতিবার লোহিত সাগর উপকূলে অবস্থিত এই শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নেপালি শ্রমিক নিহত ও বেশ কয়েকজন আহত হন এবং উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হয়।

এ ছাড়া শনিবার জাজান প্রদেশের আল-শুকাইক শহর লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কথা জানায় সৌদি জোট। ওই দিন জাজান ও পূর্বাঞ্চলীয় প্রদেশে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। পূর্বাঞ্চলীয় প্রদেশের হাওয়াইয়া গ্যাসক্ষেত্রেও হামলার দাবি করেছে হুথিরা।

২০১৪ সালে হুথিরা সানা দখলের পর ইয়েমেন যুদ্ধ শুরু হয় এবং ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট এতে যুক্ত হয়। ২০২২ সালের যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও চলতি বছরের জুলাইয়ে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে