চরম দারিদ্র্য সীমার নিচে বাস করছে সাড়ে ৩৮ কোটি শিশু

nonameবিশ্বব্যাংক ও জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, উন্নয়নশীল দেশগুলোর শিশুদের এক পঞ্চমাংশ চরম দারিদ্র্য সীমার নীচে বাস করছে।  সংখ্যার হিসেবে চরম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী শিশুর সংখ্যা প্রায় সাড়ে ৩৮ কোটি। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

যে সব বাড়ির দৈনিক আয় ১ দশমিক ৯ ডলার বা কম, সে সব বাড়িতে বেড়ে ওঠা শিশুদের চরম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী হিসেবে গণ্য করা হয়েছে।

চরম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী শিশুদের অর্ধেক সাব-সাহার আফ্রিকা অঞ্চলের এবং এক তৃতীয়াংশ দক্ষিণ এশিয়া অঞ্চলের।

ইউনিসেফের অ্যান্থনি লেক এক বিবৃতিতে বলেন, শিশুরা যে শুধু চরম দারিদ্র্য সীমার নিচে বাস করছে তা নয়, দারিদ্র্যতা প্রায় সব শিশুকে ধ্বংস করে দিচ্ছে। এসব শিশু খারাপের চেয়েও খারাপতর অবস্থায় আছে কারণ এর ফলে তাদের শরীর ও মনের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

প্রসঙ্গত, ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যতা হ্রাসের লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘ। সূত্র: বিবিসি।

/এএ/