পুতিনের বিরুদ্ধে খ্রিষ্টান ধর্মকে উপহাসের অভিযোগ

এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অর্থোডক্স খ্রিষ্টান মূল্যবোধকে উপহাস করার অভিযোগ এনেছেন অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া। শনিবার (২৪ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

নাভালনির সৎকারের ব্যবস্থা না করায়, পরিবারের কাছে তার লাশ ফেরত না দেওয়ায় এ অভিযোগ করেন তিনি। শনিবার প্রকাশিত এক ভিডিওতে পুতিনকে উদ্দেশ্য করে ইউলিয়া বলেছেন, আপনি তাকে জীবিত নির্যাতন করেছেন। এখন তার মৃতদেহের ওপর নির্যাতন চালাচ্ছেন। মৃতদেহ নিয়ে ঠাট্টা করছেন।

তিনি বলেন, আমার স্বামীর মৃতদেহ দিন। আমরা তাকে ধর্ম মতে সমাহিত করতে চাই।

এর আগে নাভালনির মা উদমিলা অভিযোগ করেন, তার ছেলেকে গোপনে সমাহিত করার ব্যাপারে রাজি হতে চাপ দিচ্ছিল তদন্তকারীরা। আর এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাকে তিন ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। তা না হলে যে কারাগারে নাভালনি মারা গেছেন, সেখানেই তাঁকে সমাহিত করার হুমকি দেয় কর্তৃপক্ষ। কারণ হিসেবে তারা বলেছিল, নাভালনির মৃতদেহটি পচে যাচ্ছে।

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও পুতিনের কঠোর সমালোচক হিসেবে পরিচিত নাভালনি চরমপন্থার অভিযোগে আর্কটিক সার্কেল পেনাল কলোনিতে ১৯ বছরের সাজা ভোগ করছিলেন।  সেখানেই গত ১৬ ফেব্রুয়ারি হাঁটার সময় হঠাৎ পড়ে গিয়ে চেতনা হারিয়ে ফেলেন ও পরে মারা যান তিনি।

কিন্তু মৃত্যুর এক সপ্তাহ পার হয়ে গেলেও, এখনও নাভালনির দেহ পরিবারের কাছে ফেরত দেয়া হয়নি। সমাহিতও করা হয়নি। বরং তার লাশ নিয়ে নানা টালবাহানা করছে কারাগার কর্তৃপক্ষ, অভিযোগ ইউলিয়ার।