কিয়েভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশের অঞ্চলে রাতভর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবারের এই ‘ব্যাপক হামলায়’ অন্তত ৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও গুদামঘর আঘাতপ্রাপ্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা; ইতোমধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, রাতভর এই হামলায় কিয়েভের একটি শিশু হাসপাতাল ও একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ অঞ্চলের ব্রোভারি জেলায় হামলায় একজন নিহত ও আরেকজন আহত হন। এ ছাড়া কিয়েভের দক্ষিণ-পশ্চিমের সোলোমিয়ানস্কি জেলার একটি শিল্প কেন্দ্রও হামলার শিকার হয়।

রাশিয়ার এই হামলায় রাতারাতি বিদ্যুতহীন হয়ে পড়েছে হাজার হাজার পরিবার, ফলে কিয়েভ অঞ্চলের বেশ কয়েকটি এলাকা অন্ধকারে তলিয়ে যায়। বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে জরুরিভিত্তিতে কাজ করছেন প্রকৌশলী ও টেকনিশিয়ানরা।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভে ড্রোন তৈরির কারখানা ও গোলাবারুদের ডিপো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।