‘গর্বের সাথে নন-হালাল’ নীতির জেরে লন্ডনে শিখ মালিকের রেস্তোরাঁ ঘিরে বিক্ষোভ, বন্ধের দাবি

যুক্তরাজ্যের লন্ডনে একটি ভারতীয় রেস্তোরাঁর শিখ মালিক ‘হালাল’ খাবার বিক্রি করতে অস্বীকৃতি জানানোয় রেস্তোরাঁটি বন্ধের দাবিতে এর সামনে বিক্ষোভ করেছেন কয়েকশ' মানুষ। শুক্রবার রাতে এই বিক্ষোভের কয়েক ঘণ্টা আগেই রেস্তোরাঁর মালিককে গ্রেফতার করে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর জানিয়েছে।

লন্ডনের হ্যামারস্মিথ গ্রোভের অদূরে অবস্থিত রেস্তোরাঁটির সামনের কাচে মার্কার কলম দিয়ে লেখা একটি সাইনবোর্ডে বলা হয়েছে, ‘গর্বের সাথে নন-হালাল’ বা প্রাউডলি নন-হালাল। ‘সিং’স ডাইনিং’ নামের ওই রেস্তোরাঁর মালিক হারমান সিং কাপুর হালাল মাংস পরিবেশন করতে অস্বীকৃতি জানানো এবং মুসলিম ও গাজা সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জেরে সমালোচনার মুখে পড়েছেন। তবে কাপুরের দাবি, রেস্তোরাঁর খাদ্য নীতির কারণে তিনি ও তার পরিবার শত শত হত্যার হুমকি পেয়েছেন এবং হয়রানি, ভয়ভীতি ও সহিংসতার হুমকির সম্মুখীন হয়েছেন।

শুক্রবার রাতে রেস্তোরাঁটির বাইরে বিক্ষোভ শুরু হলে মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের রেস্তোরাঁ থেকে দূরে রাখার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা যায়, মূলত পুরুষদের নিয়ে গঠিত বিশাল এক জনতা ফিলিস্তিনের পতাকা নেড়ে ‘আল্লাহু আকবার’, ‘ধিক্কার তোমাকে’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মাইক্রোফোনে বিক্ষোভকারীদের উদ্দেশে বলছেন, ‘এই নচ্ছার লোকটিকে নিয়ে আমরা কী করতে চাই?’ জবাবে জনতা চিৎকার করে বলে, ‘ওদের দোকান বন্ধ করে দাও!’

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কর্মকাণ্ডের জন্যও তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন কাপুর। এর মধ্যে এমন কিছু পোস্ট রয়েছে যেখানে তাকে বেকন বা শূকরের মাংস, যা মুসলিমদের জন্য নিষিদ্ধ, হাতে দেখা গেছে। একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘দেখুন। বেকন পশ্চিমা দেশগুলোকে বাঁচাতে পারে’। আরেকটি পোস্টে রেস্তোরাঁর মাংসের কাউন্টারের ভিডিও দিয়ে তিনি লেখেন, ‘হ্যারডসে সেরা মানের শূকরের মাংস বিক্রি হচ্ছে’।

এদিকে শুক্রবার পূর্বনির্ধারিত বিক্ষোভের মাত্র কয়েক ঘণ্টা আগে পশ্চিম লন্ডনের নিজ বাড়ি থেকে হারমান সিং কাপুরকে গ্রেফতার করে পুলিশ। ফলে রেস্তোরাঁর বাইরে বিক্ষোভকারীদের মুখোমুখি হতে হয় তার স্ত্রীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কাপুর। পুলিশের গাড়িতে তোলার আগমুহূর্তে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিজের একটি ভিডিও শেয়ার করেন তিনি। ধারণা করা হচ্ছে, ইসলামকে উল্লেখ করে দেওয়া একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের জেরেই তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র ডেইলি মেইলকে জানিয়েছেন, চরমপন্থি ছবি নিজের কাছে রাখা ও ছড়িয়ে দেওয়ার সন্দেহে শুক্রবার ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে