যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে হামলায় বিশ্বনেতাদের নিন্দা

os-pictures-orlando-nightclub-shooting-victims-vigils-20160612 (2)ফ্লোরিডায় সমকামীদের নাইটক্লাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুকধারীর হামলায় ৫০ নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্ব নেতারা। স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিন এ হামলা চালান। পরে ওমর বেশ কয়েকজনকে ক্লাবে জিম্মি করে রাখেন। জিম্মি উদ্ধার অভিযানে সোয়াট টিমের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন ওমর মতিন।

হামলার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  নিন্দা জানিয়ে ওবামা ওই হামলাকে ‘সন্ত্রাসী এবং বিদ্বেষপ্রসূত কাজ’ বলে অভিহিত করেছেন। বামা বলেন, ‘আজ আমেরিকান হিসেবে আমরা নিরীহ লোকজনের ওপর এই ভয়ানক হত্যাযজ্ঞের নিন্দা জানাই।’

তিনি আরও বলেন, ‘ওই হামলা সব আমেরিকানের ওপর হামলা। আমাদের জনগণের সুরক্ষার নিশ্চিত করতে আমেরিকানরা ঐক্যবদ্ধ।’ হামলায় সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘আমরা ওরল্যান্ডোর জনগণের পাশে আছি, যারা নিজেদের শহরে এমন একটি ভয়াবহ হামলা হতে দেখেছেন।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যদিও এখনও পর্যন্ত তদন্তকাজ প্রাথমিক অবস্থায় রয়েছে, এরপরও আমরা বলতে পারি, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিদ্বেষপ্রসূত কাজ।’

হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে হোয়াইট হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ওবামা। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে টেলিগ্রাম পাঠিয়ে নিন্দা ও শোক প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র ও দেশটির নাগরিকরা দ্রুতই এ নৃশংস এ হামলার ধকল কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ব্রিটেনের রাণি নিন্দা ও শোক প্রকাশ জানিয়ে বারাক ওবামাকে বার্তা পাঠিয়েছেন। তাতে তিনি নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি প্রার্থণার কথা জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বন্দুকহামলার নিন্দা জানিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মার্কিন সরকার ও জনগণের প্রতি সংহতির কথাও উল্লেখ করেছেন।
ন্যাটোর মহাসচিব জেনারেল জেনস স্টোলেনবার্গ বলেছেন, সন্ত্রাস ও বিদ্বেষ আমাদের বদলে দিতে পারবে না। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ও নিজেদের সমাজ রক্ষায় ন্যাটোর মিত্ররা ঐক্যবদ্ধ আছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলো মের্কেলও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডিউ বলেছেন, এ হামলায় আমি গভীরভাবে শোকাহত।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ফ্লোরিডায় নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের কঠিন এ সময়ে দেশটির সরকার ও জনগণকে ফ্রান্সের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি টুইটে লিখেছেন, আমাদের হৃদয় আমেরিকান ভাইদের সঙ্গে আছে।

নাইটক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান পার্টির দুই মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্প। 

এক টুইটার বার্তায় হিলারি বলেন, ‘ফ্লোরিডা থেকে ওই বিধ্বংসী খবর শুনে ঘুম থেকে উঠলাম। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি। আর আমার চিন্তা হচ্ছে ওই ভয়াবহ হামলায় আক্রান্তদের জন্য।’

ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, ‘ফ্লোরিডায় এক ভয়াবহ সংঘটিত হলো। আক্রান্ত ব্যক্তি এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এসব কবে শেষ হবে? আমরা কবে কঠোর, বুদ্ধিমান এবং সজাগ হতে পারবো?’

ওই হামলার ঘটনায় মার্কিন পার্লামেন্টের স্পিকার পল রায়ান এক টুইটার বার্তায় বলেন, ‘আমরা ওই নৃশংস হামলার আক্রান্তদের জন্য প্রার্থনা করছি। আমাদের অবশ্যই হামলাকারী সম্পর্কে আরও বিস্তারিত জানতে হবে। কিন্তু আমরা আক্রান্ত এবং তাদের পরিবারকে ভুলবো না।’

উল্লেখ্য, শনিবার রাতে নাইটক্লাবে চালানো ওই সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হন। আরও ৫৩ জন আহত হয়েছে ওই ঘটনায়। শনিবার (১১ জুন) দিবাগত রাত ২টার দিকে ফ্লোরিডার ওরল্যান্ডো শহরের পালস নাইটক্লাবে ঢুকে গুলি চালান ওমর মতিন নামক এক ব্যক্তি। এরপর তিনি নাইটক্লাবে অবস্থান করা লোকজনকে জিম্মি করেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, জরুরি সাহায্যের জন্য দেওয়া ৯১১ নম্বরে ফোন করে ওমর নিজেই ওই হামলার কথা জানান। ওমর মতিনের কাছে একটি রাইফেল, একটি পিস্তল এবং দুটি সন্দেহজনক যন্ত্র ছিল বলে পুলিশ জানায়। স্থানীয় সময় আনুমানিক ভোর ৫টার দিকে এসডব্লিউএটি-এর বিশেষ কমান্ডোরা জিম্মিদের মুক্ত করার জন্য অভিযান চালান। ওই অভিযানে ওমর মতিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে ওমর মতিনের সরাসরি কোনও সংযোগের বিষয়ে নিরাপত্তা কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারেনি। তবে আইএস ওমরকে তাদের যোদ্ধা বলে দাবি করেছে।সূত্র: ওরল্যান্ডো সেন্টিন্যাল,  দ্য ইন্ডিপেন্ডেন্ট, বিবিসি, আল-জাজিরা, স্পুটনিক নিউজ।

এ সম্পর্কিত আরও খবর:

 

/এএ/