ফ্লোরিডা উপকূলে হারিকেন হারমাইনের আঘাত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে হারিকেন হারমাইন আঘাত হেনেছে। ২০০৫ সালের প্রথমবারের মতো কোনও হারিকেন আঘাত হানল অঞ্চলটিতে। এ হারিকেনের প্রভাবে ফ্লোরিডার উত্থরাঞ্চলে ভূমিধস হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে ফ্লোরিডার উপকূলে আঘাত হানে ক্যাটাগরি ওয়ান হারিকেন হারমাইন। হারিকেনের আঘাতের সঙ্গে শুরু হয় প্রবল বর্ষণ। গভর্ণর রিক স্কট রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। রাজ্যটির ৫১টি কাউন্টির লোকজন হারিকেনের কারণে বিপজ্জনক অবস্থায় রয়েছেন।

গভর্নর স্কট বলেন, ‘এ হারিকেনের প্রভাবে অনেকের জীবন বিপন্ন হয়ে পড়েছে। গত এক দশকে কোনও হারিকেনের মুখোমুখি হতে হয়নি আমাদের। ’

গভর্নর জানান, ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের ৮ হাজার সদস্যকে মোতায়েনের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের দেওয়া তথ্য অনুসারে, বৃহস্পতিবার ১৩০ কিলোমিটার বেগে হারিকেনটি ফ্লোরিডার দিকে এগিয়ে আসছিলো।

তালাহাসের নগর কর্মকর্তারা জানিয়েছেন, ৩২ হাজার বাড়ির প্রায় ৭০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, শহরটিতে বন্যা দেখা দিতে পারে।

২০০৫ সালে সর্বশেষ হারিকেন আঘাত হানে ফ্লোরিডায়। উইলমা নামে ওই হারিকেনের প্রভাবে ভূমিধস হয়েছিল। ওই সময় প্রায় ২৩ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়। সূত্র: বিবিসি।

/এএ/