মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রকে আর কখনোই হুমকি দেবেন না। হুমকি দিলে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। রবিবার টুইটারে এই হুমকি দেন ট্রাম্প। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্টের রবিবার দেওয়া হুমকির জবাবে ট্রাম্প এই পাল্টা হুমকি দিয়েছেন। ট্রাম্পকে হুঁশিয়ারি জানিয়ে রুহানি বলেছিলেন, সিংহের লেজ নিয়ে খেলা করবেন না এবং ইরানের সঙ্গে যুদ্ধ হবে সবচেয়ে বড় যুদ্ধ।
রুহানিকে সরাসরি লেখা টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, আর কখনোই যুক্তরাষ্ট্রকে হুমকি দেবেন না। তাহলে এমন ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে, যা ইতিহাসে খুব কমই ঘটেছে।
ইংরেজি বড় হাতের অক্ষরে ট্রাম্প টুইটারে আরও লিখেছেন, আমরা সেই দেশ আর নেই যে আপনার সহিংসতা ও হত্যার অভিশাপভরা কথার পক্ষে দাঁড়াব। সতর্ক হোন!
২০১৫ সালের জুনে তেহরানের সঙ্গে পরমাণু ইস্যুতে ৬ জাতিগোষ্ঠী চুক্তি স্বাক্ষর করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়। আর বিনিময়ে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ওই সময় বেশ কিছু ইউরোপীয় কোম্পানি ইরানের সঙ্গে বড় ধরনের ব্যবসা শুরু করে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্কারের দাবি তুলে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে তেহরানে বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে উভয় দেশের মধ্যে কথার যুদ্ধ ও উত্তেজনা চলছে।
সম্প্রতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের জনগণকে ক্ষুব্ধ করে তুলতে আক্রমণাত্মক ও অনলাইন যোগাযোগ করছে, যাতে পারমাণবিক কর্মসূচি ও জঙ্গিদের সমর্থন প্রত্যাহারে বাধ্য হয় ইরান। এমন খবরের প্রেক্ষিতে রবিবার ইরানি কূটনীতিকদের এক সমাবেশে রুহানি বলেন, ট্রাম্প সাহেব, সিংহের লেজ নিয়ে খেলবেন না, তাহলে বিপদে পড়বেন। আমেরিকার জেনে রাখা উচিত, ইরানের সঙ্গে শান্তি মানে সবচেয়ে বড় শান্তি এবং ইরানের সঙ্গে যুদ্ধ মানে সবচেয়ে বড় যুদ্ধ। ইরানের নিরাপত্তা বাহিনীকে দেশের নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে উসকানি দেওয়ার মতো অবস্থায় নেই আপনি।