যুক্তরাষ্ট্রে পুলিশি নিপীড়নে আরেক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হয়েছেন। নিউ ইয়র্ক পুলিশ নিরস্ত্র ড্যানিয়েল প্রুডকে হুড পরিয়ে রাখার পর শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে। ৩০ মার্চ তিনি মারা গেলেও বুধবার পুলিশি নিপীড়নের এই ঘটনার কথা প্রকাশিত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, পুলিশের নির্যাতনের ফলে ৪১ বছরের ড্যানিয়েলের মৃত্যুর ঘটনা এত দিন প্রকাশ্যে আসেনি। নিউ ইয়র্ক পুলিশ হুড পরিয়ে রাখার সাত দিন পর হাসপাতালে মৃত্যু হয়।
জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের দুই মাস আগে ড্যানিয়েল পুলিশি নিপীড়নে নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ যুক্তরাষ্ট্র ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
পুলিশের বডি ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিওতে দেখা গেছে, থুথু দেওয়া বা কামড় এড়াতে পুলিশ ‘স্পিট হুড’ নামের একটি যন্ত্র তার মাথায় পরিয়ে রেখেছিল। এসময় তার মুখ নিচের দিকে দিয়ে দুই মিনিট চেপে ধরে রাখা হয়েছিল। পরে অজ্ঞান অবস্থায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়। লাইফ সাপোর্টে নিলেও বাঁচানো যায়নি।
বুধবার নিহতের পরিবারের পক্ষ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।পুলিশের কাছে তথ্য অধিকারে আবেদনের পর বডিক্যামেরা থেকে এই ভিডিওটি সংগ্রহ করে ড্যানিয়েলের পরিবার। পরে সংবাদ সম্মেলনে সেটি প্রকাশ করা হয়।