এবার শিশুদের শরীরে নিজেদের তৈরি করোনা টিকা নিয়ে পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্না। ছয় মাস থেকে শুরু করে ১২ বছর বয়সী শিশুদের ওপর এ টিকা কেমন কাজ করবে তা নিয়ে গবেষণা শুরু করেছে তারা। মডার্নার দেওয়া বিবৃতিকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন ভ্যাকসিন প্রয়োগের কাজটি শিশু পর্যন্ত বিস্তৃত করা গেলে হার্ড ইমিউনিটি অর্জন সহজ হবে। আর মহামারি মোকাবিলায় হার্ড ইমিউনিটি অর্জন করাটা খুবই জরুরি।
এমন অবস্থায় মঙ্গলবার (১৬ মার্চ) মডার্নার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, শিশুদের শরীরেও টিকার পরীক্ষা চালাচ্ছে তারা। কোম্পানির মুখপাত্র কোলিন হুসি জানিয়েছেন, নতুন গবেষণার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও কানাডার ৬ হাজার ৭৫০ জন শিশুর শরীরে টিকা প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে। তবে এরইমধ্যে কতজন শিশুর শরীরে প্রথম ডোজ দেওয়া হয়েছে তা নিশ্চিত করেনি তারা।
গবেষণার অংশ হিসেবে প্রতিটি শিশুকে আটাশ দিনের ব্যবধানে টিকার দুইটি ডোজ দেওয়া হবে। প্রথমে দুই বছর থেকে শুরু করে ১২ বছরের কম বয়সী শিশুদেরকে ৫০ কিংবা ১০০ মাইক্রোগ্রাম করে দুইটি ডোজ দেওয়া হতে পারে। যেসব শিশুর বয়স দুই বছরের কম, তাদেরকে ২৫, ৫০ কিংবা ১০০ মাইক্রোগ্রামের দুইটি ডোজ দেওয়া হতে পারে।
প্রথম যেসব শিশুদের টিকা দেওয়া হবে, তাদের কম ডোজ প্রয়োগ করে পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখা হবে। পর্যবেক্ষণে রাখা হবে তাদেরকে। এর পরে যাদেরকে টিকা দেওয়া হবে তাদের শরীরে উচ্চ মাত্রার ডোজ প্রয়োগ করা হবে।
এর পর কোন মাত্রার ডোজ তুলনামূলকভাবে নিরাপদ এবং সুরক্ষামূলক তা জানতে অন্তর্বর্তীকালীন বিশ্লেষণ করবেন গবেষকরা।