ট্রুথ সোশ্যাল নিয়ে মামলায় ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট অর্থের বিনিময়ে আগে থেকেই দেখার নতুন সেবা বন্ধের দাবিতে মামলা করেছে দুটি সংবাদমাধ্যম। ট্রাম্পের এসব পোস্টের অনেকগুলোই সরাসরি শেয়ারবাজার ও আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলে। বুধবার নিউ ইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

‘দ্য ইন্টারসেপ্ট’ এবং ‘ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন’ যৌথভাবে এ অভিযোগ দায়ের করেছে। চ্যালেঞ্জ করা মামলাটিতে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের চালু করা ‘ট্রুথ এপিআই’ নামক একটি ফিড পরিষেবা বন্ধের দাবি জানানো হয়েছে। এই পরিষেবার আওতায় ট্রাম্পের নিজস্ব অ্যাকাউন্টসহ ১০টি হেভিওয়েট অ্যাকাউন্টের পোস্ট আগেভাগে পাওয়ার জন্য প্রতি মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত ফি নেওয়া হচ্ছে।

গত ১ আগস্ট ট্রুথ এপিআই চালু করা হয়। তার ঠিক চার দিন আগেই ডেমোক্রেটিক পার্টির ম্যাসাচুসেটসের সেনেটর এলিজাবেথ ওয়ারেন এবং ক্যালিফোর্নিয়ার সেনেটর অ্যাডাম শিফ মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে এই বিষয়টি তদন্তের আহ্বান জানান। তাদের অভিযোগ ছিল, ওয়াল স্ট্রিট, ধনী প্রভাবশালী ব্যক্তি এবং ট্রাম্পকে আর্থিকভাবে সমৃদ্ধ করার পাশাপাশি এটি আর্থিক বাজারের সততা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মামলাটিতে হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তাদের বিবাদী করা হলেও ট্রাম্প মিডিয়াকে এতে বিবাদী করা হয়নি।

ট্রাম্প দীর্ঘ দিন ধরেই তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মটি শুল্ক নীতি কিংবা মধ্যপ্রাচ্যের সংঘাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সরকারি খবরের আপডেট বা ঘোষণা প্রকাশে ব্যবহার করে আসছেন, যা শেয়ারবাজার, তেল ও অন্যান্য বাজারে ব্যাপক প্রভাব সৃষ্টি করে।

বুধবার দায়ের করা এই মামলায় যতদিন পর্যন্ত এই অর্থের বিনিময়ে ট্রুথ ফিড পরিষেবাটি চালু থাকবে, ততদিন হোয়াইট হাউসকে ট্রুথ সোশ্যালে একচেটিয়াভাবে কোনও সরকারি আনুষ্ঠানিক ঘোষণা পোস্ট করা থেকে বিরত রাখার আদেশ চাওয়া হয়েছে।