৯/১১ স্মরণে নিউইয়র্কের ম্যাচে ৯টা ১১ মিনিটে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে বিক্ষোভকারী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে ঢুকে পড়েন এক ব্যক্তি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিউইয়র্কের দুই মেজর লিগ বেসবল দল মেটস ও ইয়াঙ্কিজের ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

রাত ৯টা ১১ মিনিটে ওই ব্যক্তি মাঠে ঢুকে পড়েন। নিরাপত্তাকর্মীরা কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে ধরে মাঠের বাইরে নিয়ে যান। এ সময় দর্শকরা তাকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেন এবং ‘ইউএসএ’ স্লোগান দিতে থাকেন। পরে তারা ওই ব্যক্তির দিকে বিয়ারের ক্যান ছুড়তে থাকেন বলে ভিডিও ফুটেজে দেখা গেছে। 

ওই ব্যক্তি ‘নো কিংস’ লেখা একটি জার্সি পরেছিলেন।  ঘটনার কারণে খেলা সাময়িকভাবে বন্ধ থাকে।

ম্যাচের শুরুতে ২০০১ সালের ইয়াঙ্কিজ দলের সদস্যদের অংশগ্রহণে ৯/১১ স্মরণে একটি অনুষ্ঠান হয়। এরপর দেশাত্মবোধক গান ‘গড ব্লেস দ্য ইউএসএ’ পরিবেশন করেন কান্ট্রি সংগীতশিল্পী লি গ্রিনউড। ৯/১১ হামলায় বাবা হারানো এক দম্পতি আনুষ্ঠানিকভাবে ম্যাচের প্রথম বল ছোড়েন।