ইরান ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে পরিশোধিত তেলের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। তবে দেশগুলোর উৎপাদন সক্ষমতার সীমাবদ্ধতা এবং যুদ্ধের কারণে জ্বালানি অবকাঠামোর ক্ষতি হওয়ায় এ উদ্যোগ বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
বৃহস্পতিবার চীনের শেনজেনে ত্রিপক্ষীয় সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সব দেশের স্বার্থে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। একই সঙ্গে স্থিতিশীল জ্বালানি সরবরাহের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন তারা।
তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের শোধনাগারগুলো প্রায় সর্বোচ্চ সক্ষমতায় চলছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার শোধনাগার ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে চীনের অপরিশোধিত তেল আমদানিও বাধাগ্রস্ত হয়েছে।
ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হামাদ হোসেন আল জাজিরাকে বলেন, এই ঘোষণা বিশ্বে জ্বালানি সরবরাহ বাড়ানোর বাস্তব পদক্ষেপের চেয়ে রাজনৈতিক বক্তব্য হিসেবেই বিবেচনা করা উচিত। মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের জ্যেষ্ঠ ফেলো ফ্রেডেরিক স্নাইডারের মতে, ভোক্তাদের আশ্বস্ত করতেই এমন ঘোষণা দেওয়া হয়েছে।
দেশগুলোর সক্ষমতা কতটুকু
চীনের দৈনিক তেল পরিশোধন সক্ষমতা প্রায় ১ কোটি ৮৫ লাখ থেকে ১ কোটি ৮৮ লাখ ৩০ হাজার ব্যারেল। তবে হরমুজ প্রণালিতে সংঘাতের কারণে অপরিশোধিত তেল আমদানি বাধাগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের দৈনিক পরিশোধন সক্ষমতা প্রায় ১ কোটি ৮১ লাখ ৬০ হাজার ব্যারেল। চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির শোধনাগারগুলো ৯৫ শতাংশের বেশি সক্ষমতায় চলেছে।
রাশিয়ার দৈনিক পরিশোধন সক্ষমতা প্রায় ৬৫ লাখ ব্যারেল। তবে ইউক্রেনের হামলায় জুনে দেশটির শোধনাগারগুলোর দৈনিক উৎপাদন কমে ৩৮ লাখ ব্যারেলে দাঁড়ায়। আগের বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৩০ শতাংশ কম। ভারতের দৈনিক পরিশোধন সক্ষমতা প্রায় ৫৩ লাখ ৬০ হাজার ব্যারেল হলেও দেশটিও অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরশীল।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, দেশটির শোধনাগারগুলো প্রায় সর্বোচ্চ সক্ষমতায় চলছে। নতুন করে শোধনাগার চালুর পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়নে সময় লাগবে। টেক্সাসের একটি শোধনাগার পুনরায় চালু করে ২০২৭ সালের শেষ নাগাদ দৈনিক ১ লাখ ৬৫ হাজার ব্যারেল পরিশোধন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে ভ্যালেরো এনার্জি।
রাশিয়া ও চীনের সামনে চ্যালেঞ্জ
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার শোধনাগারগুলোর সম্মিলিত অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ অক্টোবরের শেষ দিক থেকে ৪৫ শতাংশ কমেছে বলে জানিয়েছে রয়টার্স। দেশটির কয়েকটি অঞ্চলে পেট্রোল ও ডিজেল বিক্রিতেও সীমা নির্ধারণ করা হয়েছে। ফলে রাশিয়ার পক্ষে উৎপাদন ও সরবরাহ বাড়ানো কঠিন।
অন্যদিকে চীনের অপরিশোধিত তেল আমদানি কিছুটা স্বাভাবিক হয়েছে। অক্টোবরে দেশটি দৈনিক ৯৮ লাখ ৮০ হাজার ব্যারেল তেল আমদানি করেছে, যা সেপ্টেম্বরে ছিল ৯০ লাখ ৩০ হাজার ব্যারেল।
হামাদ হোসেন বলেন, চীনের কিছু অতিরিক্ত পরিশোধন সক্ষমতা থাকলেও উৎপাদন বাড়লে তা রফতানির বদলে অভ্যন্তরীণ মজুত পূরণে ব্যবহৃত হতে পারে। ফলে বিশ্ববাজারে সরবরাহ সংকট থেকেই যাওয়ার আশঙ্কা রয়েছে। তার মতে, বৈশ্বিক জ্বালানির দাম কমাতে মধ্যপ্রাচ্যের পরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সূত্র: আল জাজিরা