পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে না নেওয়া তেহরানের অন্যতম প্রধান শর্ত। তবে আলোচনার মাধ্যমে একটি ‘ন্যায্য সমাধানে’ পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইরানের সংবাদমাধ্যম ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, আলোচনায় ইরানের কিছু নির্দিষ্ট ‘রেড লাইন’ বা সীমারেখা রয়েছে। এর মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে না নেওয়ার বিষয়টি অন্যতম।
তিনি আরও বলেন, পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র আলোচনার বিষয়ে কতটা আন্তরিক, সে নিশ্চয়তা চায় তেহরান।
আরাঘচি জানান, আস্থা তৈরির পদক্ষেপগুলোর ধরন ও প্রকৃতি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছে ইরান। তবে তিনি মনে করেন, আলোচনার মাধ্যমে একটি ন্যায্য সমাধানে পৌঁছানো সম্ভব।
হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের