থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ বিভ্রাট, বাতিল শত শত ফ্লাইট

থ্যাংকসগিভিং ডে-র বিকেলে যুক্তরাষ্ট্রজুড়ে ৮ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এর মধ্যে বেশিরভাগ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলে। একইসঙ্গে দেশজুড়ে শত শত ফ্লাইট বাতিল এবং ১ হাজার ৯০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে বিভিন্ন ট্র্যাকিং প্ল্যাটফর্মের তথ্যে জানা গেছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। 

বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘পাওয়ারআউটেজ ডট ইউএস’-এর তথ্য অনুযায়ী, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দেড় লাখের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ওয়েবসাইটটির তথ্যমতে, ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যার দিক থেকে ভার্জিনিয়ার পরেই রয়েছে মেরিল্যান্ড ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্য।

এদিকে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি দেশজুড়ে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ফ্লাইটঅ্যাওয়্যার’-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ১ হাজার ৯০০টিরও বেশি ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে ছেড়েছে।