‘ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শে উজ্জীবিত হয়ে রোগীদের সেবা দিন’

আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বিএসএমএমইউতে র‌্যালিমানবসেবার পথিকৃৎ ও আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ত্যাগ ও সেবার আদর্শে উজ্জীবিত হয়ে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আগামী ১২ মে বিশ্ব নার্সেস দিবস উপলক্ষে সোমবার (৬ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক র‌্যালি শেষে সমাবেশে তিনি এই আহ্বান জানান।

নার্সদের উদ্দেশে কনক কান্তি বড়ুয়া বলেন, ‘এমনভাবে সেবা দিন, যেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে সুস্থ হয়ে রোগীরা সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরতে পারেন। রোগীরা আমাদের অতিথি। তারা যেন আমাদের কোনও আচরণে কষ্ট না পান।’

বর্ণাঢ্য র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। র‌্যালি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য হলো- ‘নার্স: সবার স্বাস্থ্য রক্ষায় সোচ্চার’

দিসবটি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচিতে উপস্থিত ছলেন— উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান। এছাড়া উপস্থিত ছিলেন— প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও, সেবা তত্ত্বাবধায়ক শান্তনা রানী দাস, অতিরিক্ত সেবা তত্ত্বাবধায়ক হালিমা বেগম ও নার্সেরা।