শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান স্বাস্থ্য অধিদফতরের

স্বাস্থ্য অধিদফতরকরোনা পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে সারাদেশে টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে তাই শিশুকে সময়মত টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (২৪ জুন) স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব তথ্য জানান।
নাসিমা সুলতানা বলেন, স্বাস্থ্য অধিদফতরের ইপিআই কর্মসূচির মাধ্যমে দেশের সকল জনগণকে আহ্বান জানানো হচ্ছে আপনার শিশুকে নির্দিষ্ট সময়ে টিকা দেওয়ার জন্য নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন। বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা পর্যায়ের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মী তথা স্বাস্থ্য সহকারী/টিকাদান কর্মী/স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯ মহামারি চলাকালীন সময়ে টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী অনুসরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।