বুস্টার ডোজ নিয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ

দেশে গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত ২ লাখ ৬২ হাজার ৪৭ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। বুধবার (৫ জানুয়ারি ) রাজধানীসহ সারাদেশে ৫৪ হাজার ৮৬২ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এদিন স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১৭ হাজার ৫৭৭ জনসহ ঢাকা বিভাগে ২৫ হাজার ৪১০ জন, ময়মনসিংহ বিভাগে ২ হাজার ৯৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩ হাজার ৮৮০ জন, রাজশাহী বিভাগে ৫ হাজার ৬০৫ জন, রংপুর বিভাগে ৬ হাজার ৫ জন, খুলনা বিভাগে ৬ হাজার ৭৭২ জন, বরিশাল বিভাগে ১ হাজার ৬২৩ জন এবং সিলেট বিভাগে ২ হাজার ৬০৮ জন বুস্টার ডোজ নিয়েছেন।