বিএমডিসিতে অভিযোগ নিষ্পত্তির সময় কমাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

বিএমডিসিতে আসা অভিযোগ নিষ্পত্তির সময় কমাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিএমডিসির কাউন্সিল সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানিয়েছেন।

চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত বিএমডিসি কাউন্সিলের সভা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় কমিটি গঠনের পর দুপুর ৩টায় বিএমডিসি কাউন্সিল সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য  উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 

স্বাস্থ্য উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের উদ্দেশে বলেন, বিএমডিসির চিকিৎসাসেবা প্রাপ্তি সম্পর্কে অভিযোগ প্রাপ্তির নিষ্পত্তির সময় দ্রুত করার পদক্ষেপ নেওয়া উচিত— যাতে করে রোগী এবং চিকিৎসক দুজনেই বিচারপ্রাপ্তি বিলম্বের মধ্যে না পড়েন।

এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা স্নাতক ও স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার মান সমুন্নত রেখে জনগণের মানসম্মত চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিএমডিসির সদস্যদের প্রতি আহ্বান জানান।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. আবু জাফর, বিএসএমএমইউ উপাচার্য সায়েদুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তারাসহ পুনর্গঠিত কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।