কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে লেখালেখির জগতেও বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন কয়েক মিনিটেই এআইয়ের সাহায্যে তৈরি করা যায় খবরের খসড়া, বিজ্ঞাপনের লেখা, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা বিভিন্ন ধরনের প্রতিবেদন। তবে এআই দিয়ে লেখা তৈরি হলেই সেটি সরাসরি প্রকাশের উপযোগী হয়ে যায় না। তথ্য যাচাই, ভাষার স্বাভাবিকতা, ভুল সংশোধন এবং লেখাটিকে পাঠকের উপযোগী করে তোলার জন্য প্রয়োজন হয় দক্ষ সম্পাদকের। এখান থেকেই তৈরি হচ্ছে নতুন একটি কাজের ক্ষেত্র, এআই কনটেন্ট এডিটর।
এআই কনটেন্ট এডিটরের কাজ কী?
এআইয়ের মাধ্যমে তৈরি লেখা যাচাই, সম্পাদনা ও উন্নত করাই এই পেশার মূল কাজ। এআই অনেক সময় একই কথা বারবার বলতে পারে, অস্বাভাবিক ভাষা ব্যবহার করতে পারে কিংবা ভুল তথ্যকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারে। একজন এআই কনটেন্ট এডিটর এসব সমস্যা চিহ্নিত করে লেখাটিকে নির্ভুল ও স্বাভাবিক করে তোলেন।
শুধু বানান বা বাক্য ঠিক করাই এই কাজের মধ্যে পড়ে না। লেখাটির বিষয়বস্তু যথাযথ কি না, তথ্যের মধ্যে অসঙ্গতি আছে কিনা এবং পাঠকের কাছে সেটি সহজবোধ্য হচ্ছে কিনা, সেটিও দেখতে হয়।
তথ্য যাচাই সবচেয়ে গুরুত্বপূর্ণ
এআই কনটেন্ট সম্পাদনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর একটি হলো তথ্য যাচাই। এআই কোনও তথ্য ভুলভাবে উপস্থাপন করলে সেটি সম্পাদকের দায়িত্বের মধ্যে পড়ে শনাক্ত করা।
বিশেষ করে সংবাদ, ব্যবসা, প্রযুক্তি বা গবেষণাভিত্তিক কনটেন্ট তৈরির ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য মিলিয়ে দেখা জরুরি। তাই একজন এআই কনটেন্ট এডিটরকে শুধু ভালো লেখক হলেই হবে না, তাকে ভালো গবেষকও হতে হবে।
কী কী কাজ করতে হয়?
একজন এআই কনটেন্ট এডিটরের কাজ প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। তবে সাধারণভাবে তাকে কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। যেমন- এআই দিয়ে তৈরি লেখার ভাষা ও গঠন সম্পাদনা করা; ভুল বা সন্দেহজনক তথ্য শনাক্ত করা; প্রয়োজন অনুযায়ী নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করা; একই কথা বারবার থাকলে তা বাদ দেওয়া; লেখাকে সহজ ও স্বাভাবিক ভাষায় উপস্থাপন করা; প্রতিষ্ঠানের নির্দিষ্ট লেখার ধরন ও নীতিমালা অনুসরণ করা; প্রকাশের আগে চূড়ান্ত লেখা পরীক্ষা করা।
কারা এই পেশায় আসতে পারেন?
এই পেশায় আসার জন্য নির্দিষ্ট একটি বিষয়ের ডিগ্রি বাধ্যতামূলক নয়। বাংলা, ইংরেজি, সাংবাদিকতা, গণযোগাযোগ, সাহিত্য বা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা থাকলে সুবিধা পাওয়া যেতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো লেখার ক্ষমতা এবং তথ্য যাচাইয়ের অভ্যাস।
এর পাশাপাশি বিভিন্ন এআই টুল কীভাবে কাজ করে, কীভাবে ভালো নির্দেশনা দিতে হয় এবং এআইয়ের তৈরি লেখার সীমাবদ্ধতা কোথায়, সে সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।
কী কী দক্ষতা দরকার?
এই পেশায় ক্যারিয়ার গড়তে চাইলে কয়েকটি দক্ষতার ওপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। প্রথমত, ভাষা ও সম্পাদনার দক্ষতা। দ্বিতীয়ত, গবেষণা ও তথ্য যাচাইয়ের সক্ষমতা। তৃতীয়ত, এআই টুল ব্যবহারের বাস্তব জ্ঞান।
এর সঙ্গে ভালো পর্যবেক্ষণ ক্ষমতা, ধৈর্য এবং বিষয় বুঝে লেখার দক্ষতাও গুরুত্বপূর্ণ। কারণ এআই দ্রুত লেখা তৈরি করতে পারলেও কোন তথ্য রাখা হবে আর কোনটি বাদ দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নিতে মানুষের বিচারবুদ্ধিই প্রয়োজন।
কোথায় কাজের সুযোগ?
অনলাইন সংবাদমাধ্যম, বিজ্ঞাপনী প্রতিষ্ঠান, ডিজিটাল বিপণন সংস্থা, প্রকাশনা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এবং কনটেন্টভিত্তিক ব্যবসায় এ ধরনের কাজের সুযোগ তৈরি হতে পারে। চাইলে স্বাধীনভাবেও বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য এআই-সহায়িত কনটেন্ট সম্পাদনার কাজ করা সম্ভব।
ভবিষ্যতে কেমন সম্ভাবনা?
এআইয়ের ব্যবহার যত বাড়বে, মানুষের তৈরি ও এআই দিয়ে তৈরি কনটেন্টের মধ্যে পার্থক্য বোঝা এবং মান নিয়ন্ত্রণের প্রয়োজনও তত বাড়তে পারে। ফলে লেখালেখি ও প্রযুক্তি, দুই ক্ষেত্রেই আগ্রহ আছে এমন তরুণদের জন্য এআই কনটেন্ট এডিটিং একটি সম্ভাবনাময় দক্ষতা হিসেবে বিবেচনা করা যেতে পারে।
তবে এই পেশায় সফল হওয়ার মূল বিষয় শুধু এআই ব্যবহার জানা নয়। এআই যা লিখছে, সেটি কতটা সঠিক, প্রয়োজনীয় ও মানুষের কাছে গ্রহণযোগ্য, তা বুঝে সম্পাদনা করতে পারাটাই হবে সবচেয়ে বড় দক্ষতা।