রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, অংশে নিতে হবে অলিম্পিয়াডে 

রাশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিনা টিউশন ফিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পেতে বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ গবেষকদের ‘ওপেন ডোরস: রাশিয়ান স্কলারশিপ প্রজেক্ট’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ রাশিয়ান হাউস। ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ১ নভেম্বর, ২০২৬।

রাশিয়ার অ্যাসোসিয়েশন অব গ্লোবাল ইউনিভার্সিটিজ দেশটির বিজ্ঞান ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় এবং রসসোত্রুদনিচেস্তভোর সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করছে। এর মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাওয়ার জন্য প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

চার পর্যায়ে ১৪টি বিষয়ে অংশগ্রহণের সুযোগ

ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল—এই চার পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, অর্থনীতি ও মানবিক বিদ্যাসহ মোট ১৪টি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে ইংরেজি অথবা রুশ ভাষায় পরিচালিত বিভিন্ন শিক্ষাক্রমে টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ পেতে পারেন। রুশ ভাষায় পরিচালিত নির্দিষ্ট শিক্ষাক্রমে নির্বাচিত যোগ্য বিজয়ীরা সরকারি অনুদানের আওতায় যাতায়াতের খরচ, আবাসন, স্বাস্থ্যবিমা ও মাসিক ভাতাসহ বিভিন্ন সুবিধাও পেতে পারেন।

এ ছাড়া পোস্টডক্টরাল পর্যায়ে অভিজ্ঞ বিজ্ঞানীদের তত্ত্বাবধানে উন্নত গবেষণায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

ছয় লাখের বেশি প্রতিযোগীর অংশগ্রহণ

২০১৭ সালে যাত্রা শুরুর পর থেকে ‘ওপেন ডোরস’ অলিম্পিয়াডে বিশ্বের ২০০টিরও বেশি দেশের ছয় লাখ ১৮ হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন। তাদের মধ্যে ১৬ হাজার ৭০০-এর বেশি প্রতিযোগী বিজয়ী অথবা রানার-আপ হয়েছেন।

যেভাবে নিবন্ধন করবেন

আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ গবেষকদের ১ নভেম্বর ২০২৬-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রতিযোগিতা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা নিচের লিংকগুলোতে পাওয়া যাবে।

নিবন্ধন: https://od.globaluni.ru/

আবেদনের নিয়মাবলি: https://od.globaluni.ru/rules

প্রতিযোগিতার সময়সূচি: https://od.globaluni.ru/#a-schedule-block

বিষয়ভিত্তিক তথ্য: https://od.globaluni.ru/#a-subjects

সাধারণ জিজ্ঞাসা: https://od.globaluni.ru/#a-faq

আবেদনপ্রক্রিয়ায় পরামর্শ দিচ্ছে রাশিয়ান হাউস

রাশিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তায় ঢাকাস্থ রাশিয়ান হাউস প্রতি সোমবার ও বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনলাইনে পরামর্শসেবা দিয়ে থাকে।

বাংলাদেশ সময় অনুযায়ী অনুষ্ঠিত এসব সেশনে শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষাক্রম নির্বাচন, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। সেশনে অংশ নেওয়ার সরাসরি লিংক ধানমন্ডিতে অবস্থিত ঢাকাস্থ রাশিয়ান হাউসের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

শিক্ষা সহযোগিতায় বাংলাদেশ–রাশিয়ার বন্ধুত্ব

বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র শিক্ষা ও বিজ্ঞান। ‘ওপেন ডোরস’-এর মতো উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি তরুণেরা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ, নতুন দক্ষতা অর্জন এবং গবেষণার অভিজ্ঞতা লাভের সুযোগ পান।

এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবে। এ প্রেক্ষাপটে যোগ্য বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ গবেষকদের সুযোগটি কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ রাশিয়ান হাউস।