ফ্রান্সের উত্তর-পশ্চিমে এমন এক উপকূল আছে, যেখানে দিনে দু’বার সমুদ্র যেন নিজের চেহারা বদলে ফেলে। কখনও বিস্তীর্ণ বালুচর, আবার কিছুক্ষণ পরেই সেই জায়গা ঢেকে যায় সবুজাভ সমুদ্রের পানিতে। জোয়ারের এই নাটকীয় ওঠানামা, পাথুরে দুর্গ, মধ্যযুগীয় শহর, টাটকা ঝিনুক আর সমুদ্রঘেঁষা খাবারের জন্য ব্রিটানির এমেরাল্ড কোস্ট বা ‘পান্না উপকূল’ হয়ে উঠেছে ভ্রমণপিপাসুদের জন্য এক অনন্য গন্তব্য।
প্রায় ৫০ মাইল দীর্ঘ এই উপকূল বিস্তৃত ক্যাপ ফ্রেহেলের গোলাপি গ্রানাইটের পাহাড় থেকে ফ্রান্সের ঝিনুকের রাজধানী হিসেবে পরিচিত কাঁকাল পর্যন্ত। মাঝখানে রয়েছে ঐতিহাসিক সাঁ-মালো, অসংখ্য সৈকত, সমুদ্রের ধারে প্রাসাদ এবং দূর দিগন্তে দেখা যাওয়া বিখ্যাত মধ্যযুগীয় স্থাপনা মঁ-সাঁ-মিশেল।
জোয়ারে বদলে যায় উপকূলের চেহারা
এমেরাল্ড কোস্টের সবচেয়ে বড় আকর্ষণই এর জোয়ার। কোথাও কোথাও জোয়ারের উচ্চতা প্রায় ৪০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। দিনে দু’বার সমুদ্রের পানি ফুলে উঠে উপকূলের বিস্তীর্ণ অংশ ঢেকে দেয়। পানির সবুজাভ রঙে ভূমধ্যসাগরের মতো এক ধরনের মায়াবী সৌন্দর্য তৈরি হয়।
স্থানটির নাম ‘এমেরাল্ড কোস্ট’ হওয়ার পেছনেও রয়েছে এই সবুজাভ পানির গল্প। পানিতে থাকা অতি ক্ষুদ্র ফাইটোপ্ল্যাঙ্কটন বা জলজ অণুজীব সমুদ্রকে বিশেষ সবুজ আভা দেয়।
স্থানীয়দের মধ্যে একটি মজার কথা প্রচলিত, ‘ব্রিটানিতে দিনে কয়েকবার রোদ ওঠে।’ এখানকার আবহাওয়া খুব দ্রুত বদলে যেতে পারে। সামুদ্রিক জলবায়ুর কারণে গ্রীষ্মকালেও তাপমাত্রা তুলনামূলক আরামদায়ক থাকে। ফ্রান্সের অন্য শহরে যখন তীব্র গরম, তখন ব্রিটানির সন্ধ্যায় হালকা সোয়েটারও প্রয়োজন হতে পারে।
সাঁ-মালোয় সমুদ্রের সঙ্গে দৌড়
এমেরাল্ড কোস্ট ভ্রমণের শুরু হতে পারে ঐতিহাসিক শহর সাঁ-মালো থেকে। শহরের প্লাজ দ্য সিয়োঁ সৈকতে ভাটার সময় সমুদ্র অনেক দূরে সরে যায়। তখন বিশাল বালুচর তৈরি হয়, আর সমুদ্রতীরের বাড়িগুলো দূর থেকে ছোট খেলনার মতো মনে হয়।
ভাটার এই সময়ে পর্যটকেরা শুধু হাঁটাহাঁটিই করেন না, যোগ দেন এক অভিনব অনুসন্ধানেও। পাথর উল্টে জোয়ারের পানিতে তৈরি ছোট জলাধার থেকে খোঁজা হয় কাঁকড়া, স্কুইড কিংবা ছোট লবস্টার।
স্থানীয় বাসিন্দারাও এই কাজে বেশ আগ্রহী। শিশু থেকে বয়স্ক অনেকেই পাথরের নিচে খুঁজে দেখেন সামুদ্রিক প্রাণী। বিশেষ আকর্ষণ ভেলভেট ক্র্যাব, সুস্বাদু মাংসের জন্য যা স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়।
তবে ভাটার সময় সমুদ্রের কাছাকাছি গেলে সময়ের হিসাব রাখা জরুরি। এক পর্যায়ে হঠাৎ পানি পায়ের কাছে পৌঁছে যেতে পারে। এমন অভিজ্ঞতার সময় গাইডের নির্দেশে দ্রুত শহরের উঁচু প্রাচীরের দিকে ফিরে যাওয়াই নিরাপদ।
ঢেউ দেখার জন্য র্যাম্পার্টস
সাঁ-মালোর পুরোনো শহর ঘিরে থাকা ঐতিহাসিক পাথরের প্রাচীর বা র্যাম্পার্টস থেকে সমুদ্রের জোয়ার দেখার অভিজ্ঞতা অসাধারণ। নিচে যখন পানি দ্রুত এগিয়ে আসে, তখন উঁচু প্রাচীরের ওপর দাঁড়িয়ে পুরো দৃশ্যটি নিরাপদে উপভোগ করা যায়।
শহরের পুরোনো অংশের ইতিহাসও কম আকর্ষণীয় নয়। মধ্যযুগীয় এই শহর ১৬৬১ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও বোমাবর্ষণে শহরটির বড় অংশ ধ্বংস হয়। পরে পুনর্নির্মাণের মাধ্যমে সাঁ-মালো আবার তার ঐতিহাসিক সৌন্দর্য ফিরে পায়।
পাথরের শহরে ব্রিটানির স্বাদ
সাঁ-মালো ঘুরতে গেলে স্থানীয় খাবারের স্বাদ নেওয়াও ভ্রমণের অন্যতম অংশ। ব্রিটানির বিখ্যাত বাকহুইটের আটা দিয়ে তৈরি নোনতা গ্যালেট অবশ্যই চেখে দেখা যায়।
হ্যাম, ডিম ও চিজ দিয়ে তৈরি ‘কমপ্লেত’ গ্যালেট স্থানীয় খাবারের অন্যতম জনপ্রিয় পদ। সঙ্গে থাকতে পারে ব্রিটানির ঐতিহ্যবাহী ব্রুট সিডার।
তবে শুধু গ্যালেট নয়, এখানকার খাবারের টেবিলে মাখনেরও বিশেষ গুরুত্ব রয়েছে। নোনতা মাখনে কখনও সামুদ্রিক শৈবাল, কখনও বাকহুইট মেশানো হয়। ফলে সাধারণ মাখনও হয়ে ওঠে স্থানীয় স্বাদের গুরুত্বপূর্ণ অংশ।
সমুদ্রের শৈবালও খাবারের অংশ
ব্রিটানির খাবারে সামুদ্রিক শৈবালও গুরুত্বপূর্ণ। পর্যটকেরা চাইলে বিশেষ ট্যুরে অংশ নিয়ে কাছ থেকে জানতে পারেন কীভাবে সমুদ্র থেকে এসব শৈবাল সংগ্রহ করা হয়।
দিনারের সাঁ-এনোগা সৈকত থেকে এমন এক অভিযানে সমুদ্রের দিকে এগিয়ে গিয়ে নানা ধরনের শৈবাল সম্পর্কে জানার সুযোগ মেলে। কিছু শৈবাল সরাসরি চেখেও দেখা যায়।
এর মধ্যে লালচে পেপার ডালস স্বাদে বেশ আলাদা। এতে হালকা ঝাঁঝের সঙ্গে ট্রাফল মাশরুমের মতো গভীর সুবাস পাওয়া যায়।
কাঁকালে এক প্লেট টাটকা ঝিনুক
সাঁ-মালো থেকে প্রায় ৯ মাইল দূরে কাঁকাল। ফ্রান্সের ঝিনুকের জন্য বিখ্যাত এই উপকূলীয় গ্রামে খোলা আকাশের নিচে বসে টাটকা ঝিনুক খাওয়ার অভিজ্ঞতা ভ্রমণের অন্যতম আকর্ষণ।
স্থানীয় দক্ষ কারিগরেরা মুহূর্তেই ঝিনুকের খোলস খুলে প্লেটে সাজিয়ে দেন। এরপর সমুদ্রের ধারে বসে খালি খোলসের টুংটাং শব্দ আর মাথার ওপর চক্কর দেওয়া সামুদ্রিক পাখির ডাক শুনতে শুনতে ঝিনুক খাওয়ার আনন্দই আলাদা।
কাঁকালের ঝিনুকেরও রয়েছে বৈচিত্র্য। বেলোঁ দ্য কাঁকাল চ্যাপ্টা খোলসের এবং নোনতা স্বাদের, শেষে হালকা বাদামি স্বাদ পাওয়া যায়। অন্যদিকে কাপড অয়েস্টারের স্বাদ তুলনামূলকভাবে খনিজসমৃদ্ধ ও সতেজ।
স্থানীয় ঝিনুকচাষিদের মতে, দিনে দু’বারের জোয়ার ঝিনুকের স্বাদেও প্রভাব ফেলে। সমুদ্রের পানি নিয়মিত চলাচলের ফলে ঝিনুকগুলো নতুন করে অক্সিজেন পায়। উপকূলের পানিতে আয়োডিনের উপস্থিতিও তাদের স্বাদে ভূমিকা রাখে।
নারীদের হাত ধরে ঝিনুকের ঐতিহ্য
কাঁকালের ঝিনুকশিল্পের সঙ্গে নারীদের ইতিহাসও গভীরভাবে জড়িয়ে আছে। উনিশ শতকে এই অঞ্চলের অনেক পুরুষ নিউফাউন্ডল্যান্ডে মাছ ধরতে চলে যেতেন। ফলে স্থানীয় নারীরাই ঝিনুকের চাষ ও ব্যবসার বড় অংশ সামলাতেন।
তাঁদের সেই জীবন ও শ্রম পরবর্তীকালে শিল্পীদেরও অনুপ্রাণিত করেছে। ১৮৭৮ সালে চিত্রশিল্পী জন সিঙ্গার সার্জেন্ট কাঁকালের সৈকতে ঝিনুক সংগ্রহরত নারী ও শিশুদের নিয়ে আঁকেন বিখ্যাত চিত্রকর্ম ফিশিং ফর অয়েস্টার্স অ্যাট কাঁকাল।
অর্থাৎ, কাঁকালের ঝিনুকের স্বাদে শুধু সমুদ্রের নোনাভাব নয়, মিশে আছে কয়েক প্রজন্মের মানুষের জীবন ও পরিশ্রমের গল্প।
সমুদ্রের দিকে তাকিয়ে বিলাসবহুল রাত
সাঁ-মালো থেকে কিছুটা দূরে সাঁ-মেলোয়া-দেজ-ওন্দ এলাকায় পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে ১৯২০-এর দশকের শাতো রিশু। একসময় পরিত্যক্ত এই প্রাসাদ এখন সমুদ্রের দিকে তাকিয়ে থাকা বিলাসবহুল আবাসন।
রোয়েলিঁজে পরিবার ১৯৯১ সালে সম্পত্তিটি কেনার পর এটিকে নতুন রূপ দেয়। বর্তমানে এখানে রয়েছে ১২টি অতিথিকক্ষ এবং বিখ্যাত লে কোকিয়াজ রেস্তোরাঁ।
জানালা খুললেই দেখা যায় মঁ-সাঁ-মিশেল উপসাগর। ঘরে অতিথিদের জন্য হাতে লেখা স্বাগতবার্তা, রাস্পবেরি কেক কিংবা বাগানের সুগন্ধি পাতার ছোট্ট তোড়া এমন ছোট ছোট আয়োজন জায়গাটিকে আরও বিশেষ করে তোলে।
মিশেলিন তারকার স্বাদ
লে কোকিয়াজ শুধু থাকার জায়গার অংশ নয়, খাবারের জন্যও আলাদা আকর্ষণ। রেস্তোরাঁটির রান্নায় ব্রিটানির সমুদ্র ও স্থানীয় উপকরণের প্রভাব স্পষ্ট।
একটি বিশেষ ১২ পদের খাবারের তালিকায় থাকতে পারে ভেলভেট ক্র্যাব, ল্যাঙ্গুস্টিন কিংবা কাঁকালের গ্রিল করা ঝিনুক। সামুদ্রিক পাইন তেল, সোরেল ক্রিম, অ্যাসপারাগাস, শসা, রবার্ব কিংবা এল্ডারবেরির মতো উপকরণের সঙ্গে সামুদ্রিক খাবারের সমন্বয় খাবারকে দেয় নতুন মাত্রা।
রেস্তোরাঁটির শেফ হুগো রোয়েলিঁজে মিশেলিনের তৃতীয় তারকাও অর্জন করেছেন। তাঁর বাবা অলিভিয়ের রোয়েলিঁজেও একই ধরনের সম্মান পেয়েছিলেন। ফলে রোয়েলিঁজে পরিবারের সঙ্গে ব্রিটানির খাবারের ঐতিহ্য যেন এক সুতোয় বাঁধা।
কুয়াশার সকালে সমুদ্রের নোনা হাওয়া
ভ্রমণের শেষটাও যেন শুরুটির মতোই প্রকৃতিনির্ভর। কুয়াশামাখা সকালে শাতো রিশুর বাগান ঘুরে দেখা যায় ফুল, ভেষজ আর সবজির চাষ। কর্মীদের হাতে তখন রবার্ব ও ফাভা বিন সংগ্রহের ব্যস্ততা।
সমুদ্রের দিক থেকে বয়ে আসা বাতাসে মিশে থাকে সূক্ষ্ম নোনতা জলকণা। ফরাসিতে এই সামুদ্রিক জলকণাকে বলা হয় ‘লে জঁব্রাঁ’—বৃষ্টি বা কুয়াশা নয়, বাতাসে ভেসে আসা সমুদ্রের অতি সূক্ষ্ম ছিটে।
আর সেই নোনা বাতাসের মধ্যে নিচে তাকালে দেখা যায় পান্নার মতো সবুজ সমুদ্র।
জোয়ার এখানে শুধু সমুদ্রের পানি বাড়ায়-কমায় না। বদলে দেয় সৈকতের চেহারা, মানুষের জীবনযাপন, স্থানীয় খাবারের স্বাদ এবং ভ্রমণকারীর অভিজ্ঞতা। এমেরাল্ড কোস্ট তাই শুধু একটি সমুদ্রসৈকত নয় এটি জোয়ার, ইতিহাস, খাবার আর প্রকৃতির মিলনে তৈরি এক জীবন্ত ভ্রমণকাহিনি।