গন্তব্য নয়, বর্ষায় পথই হোক ভ্রমণের আসল আকর্ষণ

কখনও কি এমন হয়েছে, গন্তব্যে পৌঁছনোর চেয়ে সেখানে যাওয়ার পথটাই বেশি উপভোগ করেছেন? জানলার কাচে বৃষ্টির ফোঁটা, রাস্তার দু’পাশে টাটকা সবুজ, দূরে মেঘে ঢাকা পাহাড় আর পছন্দের গানের সুর বর্ষায় সড়কপথে ভ্রমণের আনন্দটা ঠিক এমনই।

বছরের অন্য সময়ে যে রাস্তা হয়তো শুধুই যাতায়াতের মাধ্যম, বর্ষা তাকে বদলে দেয় ভ্রমণের অন্যতম আকর্ষণে। শুকনো মাটি সবুজে ঢেকে যায়, জঙ্গল হয়ে ওঠে আরও ঘন, পাহাড়ের গা বেয়ে নেমে আসে জলধারা। কোথাও আবার মেঘ নেমে আসে রাস্তার খুব কাছে। তাই বর্ষায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়ার পরিকল্পনা থাকলে শুধু গন্তব্য নয়, পথটিকেও গুরুত্ব দেওয়া যায়।

তবে প্রকৃতির এই বদলে যাওয়া রূপ যেমন মন ভরায়, তেমনই বর্ষার রাস্তা সব সময় নিশ্চিন্ত নয়। প্রবল বৃষ্টি, কুয়াশা, জল জমে যাওয়া কিংবা পাহাড়ি পথে ধসের মতো পরিস্থিতি যাত্রাকে কঠিন করে তুলতে পারে। ফলে সুন্দর রাস্তার পাশাপাশি নিরাপদ পথ বেছে নেওয়াটাও জরুরি।

বর্ষার রাস্তায় বেরোনোর আগে যা ভাববেন

বর্ষার ভ্রমণে রাস্তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া ভালো। যে পথে যাবেন, সেখানে অতিবৃষ্টির কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, কোথাও জল জমছে কি না কিংবা যান চলাচলে কোনও বিধিনিষেধ রয়েছে কি না—এসব তথ্য যাত্রার আগে দেখে নেওয়া উচিত।

বিশেষ করে নিজেই গাড়ি চালালে দীর্ঘ পথের বিষয়টি মাথায় রাখা দরকার। টানা অনেক ঘণ্টা গাড়ি চালানো যেমন ক্লান্তিকর, তেমনই বৃষ্টির মধ্যে মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে পড়ে। তাই নিজের পক্ষে যতটা পথ স্বচ্ছন্দে চালানো সম্ভব, সেই অনুযায়ী যাত্রাপথ তৈরি করা ভালো।

বর্ষার দিনে আকাশ কখন যে কালো হয়ে প্রবল বৃষ্টি নামবে, তা আগে থেকে বলা কঠিন। তাই একেবারে নির্জন কোনও রাস্তার বদলে এমন পথ বেছে নেওয়া সুবিধাজনক, যেখানে প্রয়োজন হলে খাবার বা রাত কাটানোর জায়গা পাওয়া যায়। আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেলে তখন মাঝপথেই যাত্রা থামিয়ে দেওয়া সম্ভব হবে।

আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ, বর্ষার সৌন্দর্য দেখতে গিয়ে অতিরিক্ত ভিড়ের রাস্তায় আটকে গেলে পুরো অভিজ্ঞতাটাই মাটি হতে পারে। তাই এমন সময় বেরোনো ভালো, যখন যানজট তুলনামূলক কম থাকে।

গাড়ি নিয়ে বেরোনোর আগে অবশ্যই গাড়িটির অবস্থা পরীক্ষা করিয়ে নেওয়া দরকার। বিশেষ করে ব্রেক, টায়ার, ওয়াইপার, আলো এবং প্রয়োজনীয় সরঞ্জাম ঠিকঠাক আছে কি না দেখে নেওয়া জরুরি। বৃষ্টির রাস্তায় সামান্য ত্রুটিও কখনও বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে।

কলকাতা থেকে কাঁকড়াঝোড়: জঙ্গলের ভেতর দিয়ে বর্ষার পথ

জঙ্গলের ভেতর দিয়ে বর্ষার পথ উপভোগ করতে চাইলে দারুণ একটি গন্তব্য হতে পারে পাশের দেশ ভারতের কলকাতা থেকে কাঁকড়াঝোড়। ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি হয়ে এই পথে এগোতে থাকলে শহুরে দৃশ্য ধীরে ধীরে বদলে যায়। আনুমানিক ২২০ কিলোমিটারের এই যাত্রাপথে গন্তব্যের চেয়ে রাস্তার দু’পাশের প্রকৃতিই বেশি মন টানবে।

কোলাঘাট পেরিয়ে ঝাড়গ্রামের দিকে এগোতেই শুরু হয় লোধাশুলির জঙ্গল। শাল ও সেগুনের ঘন সবুজের মধ্যে দিয়ে রাস্তা এগিয়ে যায়। কোথাও জনবসতি, কোথাও ছোট শহর, আবার কোথাও দু’পাশে শুধু জঙ্গল এই বৈচিত্র্যই যাত্রাটিকে আকর্ষণীয় করে তোলে।

ঝাড়গ্রাম বা বেলপাহাড়ির আশপাশে চাইলে যাত্রাবিরতিও করা যায়। মূল রাস্তা থেকে কিছুটা সরে গেলেই স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ মেলে। স্থানীয় খাবারের স্বাদ নেওয়াও হতে পারে এই সফরের বাড়তি পাওনা।

বর্ষায় বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড়ের পথ আরও সুন্দর হয়ে ওঠে। কালো পিচের রাস্তার পাশে ঘন সবুজ অরণ্য, মাঝে মাঝে ছোট পাহাড়ি টিলা এবং বৃষ্টিভেজা প্রকৃতির কারণে গাড়ি চালানোর সময়টুকুও হয়ে উঠতে পারে সেরা অভিজ্ঞতা।

ঝাড়গ্রাম, বেলপাহাড়ি ও কাঁকড়াঝোড় এলাকায় থাকার জন্য হোটেল, রিসর্ট ও হোমস্টের ব্যবস্থাও রয়েছে। ফলে দু’-তিন দিনের পরিকল্পনা করেও নিশ্চিন্তে ঘুরে আসা যায়।

মুম্বই থেকে লোনাভালা: মেঘ, পাহাড় আর ঝরনার সফর

বর্ষায় পশ্চিম ভারতের অন্যরকম রূপ দেখতে চাইলে মুম্বাই থেকে গাড়ি নিয়ে লোনাভালার পথে বেরিয়ে পড়তে পারেন। সহ্যাদ্রি পর্বতমালার কোলে অবস্থিত এই পাহাড়ি শহর বর্ষায় যেন সবুজে নতুন করে সেজে ওঠে।

মুম্বাই থেকে দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। রাস্তার পরিস্থিতি স্বাভাবিক থাকলে দেড় থেকে আড়াই ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া সম্ভব। ফলে সপ্তাহান্তের ছোট সফরের জন্যও জায়গাটি বেশ সুবিধাজনক।

পথে পাহাড়, সবুজ ঢাল, মেঘ আর বৃষ্টির দৃশ্য সঙ্গী হবে। লোনাভালায় পৌঁছে বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে পাহাড়ি দৃশ্য দেখা যায়। বর্ষাকালে জলপ্রপাত ও জলাধারগুলিও নতুন রূপ পায়। চাইলে কাছাকাছি ঐতিহাসিক দুর্গ ঘুরেও দেখা যায়।

থাকার জন্য লোনাভালায় বিভিন্ন বাজেটের হোটেল ও রিসর্ট রয়েছে। ফলে এক রাত থেকে পরের দিন শহরে ফেরার পরিকল্পনাও করা যায়।

বেঙ্গালুরু থেকে উটি: অরণ্যের বুক চিরে পাহাড়ের পথে

যারা দীর্ঘ সড়ক সফর উপভোগ করেন, তাদের জন্য বেঙ্গালুরু থেকে উটির পথ আলাদা মাত্রার অভিজ্ঞতা দিতে পারে। মাইসুরু হয়ে এই যাত্রার দূরত্ব আনুমানিক ২৮০ কিলোমিটার। সময় লাগতে পারে ৮ থেকে ৯ ঘণ্টা।

এই পথের সবচেয়ে আকর্ষণীয় অংশ মাইসুরু পেরোনোর পর। গুণ্ডলুপেটের পর থেকেই অরণ্য ঘন হতে শুরু করে। পথের একদিকে কর্ণাটকের বান্দিপুর জাতীয় উদ্যান, অন্যদিকে তামিলনাড়ুতে ঢোকার পর মুদুমালাই ব্যাঘ্র প্রকল্প। অর্থাৎ উটির উদ্দেশে যাত্রার একটা বড় অংশই অরণ্যের মধ্যে দিয়ে।

বর্ষায় এই বনভূমির রং আরও গাঢ় হয়ে ওঠে। ভাগ্য ভালো থাকলে পথের আশপাশে হরিণ, হাতি কিংবা বাইসনের দেখা মিলতে পারে। তবে বন্যপ্রাণী দেখার উত্তেজনায় কখনও গাড়ি থামিয়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করা উচিত নয়।

অরণ্য পেরিয়ে উটির দিকে যাওয়ার পথে মাসিনাগুড়ি কিংবা গুডালুর দুই দিক দিয়েই যাওয়া যায়। দু’টি পথেরই নিজস্ব সৌন্দর্য রয়েছে। তবে পাহাড়ি রাস্তার ঢাল ও বাঁক সম্পর্কে সতর্ক থাকা জরুরি, বিশেষ করে বৃষ্টির সময়ে।

উটিতে পৌঁছলে থাকার জন্য হোটেল, রিসর্ট থেকে শুরু করে হোমস্টে বিভিন্ন ধরনের ব্যবস্থা পাওয়া যায়।

বৃষ্টির সঙ্গে বন্ধুত্ব, কিন্তু ঝুঁকির সঙ্গে নয়

বর্ষার সড়ক সফরের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে প্রকৃতির মর্জির উপর। কখনও মেঘলা আকাশ আর হালকা বৃষ্টি সফরকে স্মরণীয় করে তুলবে, আবার কখনও প্রবল বর্ষণ কয়েক ঘণ্টার জন্য পরিকল্পনা বদলে দিতে পারে।

তাই বর্ষায় গাড়ি নিয়ে বেরোনোর আগে আবহাওয়ার পূর্বাভাস ও রাস্তার পরিস্থিতি দেখে নেওয়া ভালো। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির সময় স্থানীয় প্রশাসনের নির্দেশকে অগ্রাধিকার দিতে হবে।

সবশেষে মনে রাখা দরকার, সড়কসফরে দ্রুত গন্তব্যে পৌঁছনোই আসল কথা নয়। বরং নিরাপদে পথ পেরিয়ে চারপাশের প্রকৃতিকে উপভোগ করাটাই বড়। আর বর্ষার সবুজ পৃথিবী যখন গাড়ির জানলার বাইরে একের পর এক দৃশ্য বদলাতে থাকে, তখন অনেক সময় মনে হয়, গন্তব্যে পৌঁছনোর তাড়াহুড়ো না থাকাই বোধ হয় এই ভ্রমণের সবচেয়ে সুন্দর ব্যাপার।