কখনও রাজা-রানির প্রেমকাহিনি, কখনও মোগল সম্রাটের মুগ্ধতা মধ্যপ্রদেশের মান্ডু যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। পাহাড়ের কোলে ছড়িয়ে থাকা প্রাচীন প্রাসাদ, জলাশয় আর স্থাপত্যের সঙ্গে মিশে আছে রানি রূপমতী ও মালবার রাজা বাজ বাহাদুরের প্রেমের গল্প। সেই গল্পের কতটা সত্য, কতটা কিংবদন্তি তা নিয়ে বিতর্ক থাকলেও পর্যটকদের কাছে মান্ডুর আকর্ষণ এতটুকু কমেনি।
মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত এই ঐতিহাসিক শহর বর্ষায় যেন অন্য রূপ নেয়। মোগল সম্রাট জাহাঙ্গিরও মান্ডুর সৌন্দর্যে মুগ্ধ ছিলেন। তাঁর দেওয়া নাম ছিল ‘সাদিয়াবাদ’, অর্থাৎ ‘সিটি অব জয়’।
মান্ডু ঘুরতে সাধারণত দু’ থেকে তিন দিন সময় রাখলেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান দেখে নেওয়া যায়। ঐতিহাসিক স্থাপনাগুলো মূলত তিনটি অঞ্চলে ছড়িয়ে রয়েছে সেন্ট্রাল বা ভিলেজ গ্রুপ, রয়্যাল গ্রুপ এবং রেওয়াকুণ্ড গ্রুপ।
মান্ডুর অন্যতম আকর্ষণ রূপমতী মহল। প্রচলিত কাহিনি অনুযায়ী, রানি রূপমতীর জন্যই বাজ বাহাদুর পাহাড়ের চূড়ায় এই স্থাপনা তৈরি করেছিলেন। এখান থেকে বিস্তীর্ণ মালবার প্রাকৃতিক দৃশ্য দেখা যায়।
রূপমতীর সঙ্গে এই স্থানের সম্পর্ক নিয়ে নানা কিংবদন্তি প্রচলিত। তবে ইতিহাসের সঙ্গে প্রেমকাহিনির এই মেলবন্ধনই মহলটিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।
রূপমতী মহলের কাছেই রয়েছে রেওয়াকুণ্ড। কথিত আছে, রূপমতী এখানকার জল ব্যবহার করে পূজা করতেন। জলাধার ও প্রাচীন স্থাপত্য মান্ডুর ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে।
রূপমতী মহল থেকে বেশি দূরে নয় বাজ বাহাদুরের মহল। রাজকীয় স্থাপত্য, প্রশস্ত প্রাঙ্গণ এবং পাহাড়ি পরিবেশ এই প্রাসাদ মান্ডুর অতীতের জাঁকজমকের ছবি তুলে ধরে।
প্রাসাদের বিভিন্ন অংশ ঘুরে দেখলে সহজেই বোঝা যায়, একসময় এই অঞ্চল ছিল রাজকীয় জীবনযাপন ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র।
মান্ডুর স্থাপত্যের তালিকায় আর একটি উল্লেখযোগ্য নাম জাহাজ মহল। দুই কৃত্রিম জলাশয়ের মাঝখানে তৈরি এই দীর্ঘ স্থাপত্য দূর থেকে অনেকটা জলের ওপর ভাসমান জাহাজের মতো দেখায়। সেই থেকেই এর নাম জাহাজ মহল।
স্থাপত্যের পাশাপাশি আশপাশের জলাশয় ও সবুজ পরিবেশ এই জায়গাটিকে মান্ডুর অন্যতম মনোরম দর্শনীয় স্থানে পরিণত করেছে।
বর্ষাকালে মান্ডুর প্রাকৃতিক সৌন্দর্য সবচেয়ে বেশি চোখে পড়ে। বৃষ্টিতে সবুজ হয়ে ওঠে পাহাড় ও চারপাশের প্রকৃতি, আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা প্রাচীন স্থাপনাগুলো পায় এক অন্য রকম আবহ।
তবে আরাম করে ঘোরার জন্য বসন্তকালও বেশ উপযোগী। মনোরম আবহাওয়ায় একের পর এক ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখা যায়।
প্রেমের কিংবদন্তি, রাজকীয় স্থাপত্য আর প্রকৃতির সৌন্দর্য সবকিছুকে এক সফরে পেতে চাইলে মান্ডু হতে পারে মধ্যপ্রদেশের অন্যতম আকর্ষণীয় গন্তব্য।