যুক্তরাষ্ট্রে ছয় বছর পর যুক্ত হলো নতুন জাতীয় উদ্যান। অ্যারিজোনা অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চিরিকাহুয়া ন্যাশনাল মনুমেন্টকে গত ২০ অক্টোবর জাতীয় উদ্যানে রূপান্তরিত করা হয়। দ্য ওয়াশিংটন পোস্ট–এর প্রতিবেদন অনুযায়ী, চিরিকাহুয়া ন্যাশনাল পার্ক অ্যাক্টে স্বাক্ষরের পর এটি যুক্তরাষ্ট্রের ৬৪তম জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায়।
প্রায় ১২ হাজার একর এলাকাজুড়ে বিস্তৃত এই উদ্যান ‘ওয়ান্ডারল্যান্ড অব রকস’ নামেও পরিচিত। স্থানীয় অ্যাপাচি জনগোষ্ঠীর কাছে এলাকাটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। অদ্ভুত আকৃতির পাথুরে স্তম্ভ, পাহাড়ি বনভূমি ও সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য চিরিকাহুয়া দীর্ঘদিন ধরেই প্রকৃতিপ্রেমীদের কাছে পরিচিত।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী ডগ বার্গাম এক বিবৃতিতে বলেন, চিরিকাহুয়ার সুউচ্চ পাথুরে স্তম্ভ, অ্যাপাচি জনগোষ্ঠীর ঐতিহ্য এবং বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীজগৎ একে দেশটির উল্লেখযোগ্য প্রাকৃতিক ভূদৃশ্যগুলোর একটি করে তুলেছে। জাতীয় উদ্যানের স্বীকৃতি পাওয়ায় এলাকাটি আরও বেশি পর্যটকের কাছে পরিচিত হবে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয় অর্থনীতিও উপকৃত হতে পারে।
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে তৈরি ভূদৃশ্য
অ্যারিজোনার উইলকক্স শহরের কাছে অবস্থিত চিরিকাহুয়া জাতীয় উদ্যান। প্রায় ২ কোটি ৭০ লাখ বছর আগে এক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এ অঞ্চলের স্বতন্ত্র ভূপ্রকৃতি তৈরি হয়। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই ও অন্যান্য উপাদান জমে শক্ত হয়ে রাইওলাইট শিলায় পরিণত হয়। পরবর্তী সময়ে ক্ষয়প্রক্রিয়ায় এসব শিলা বিচিত্র আকৃতির সুউচ্চ স্তম্ভ ও পাথুরে গঠন তৈরি করেছে।
উদ্যানের পাহাড়ি ভূদৃশ্যের সঙ্গে রয়েছে পাইনগাছের বন, উপত্যকা ও নানা ধরনের উদ্ভিদ। সব মিলিয়ে এলাকাটি ভূতত্ত্ব, বন্য প্রাণী ও প্রকৃতির বৈচিত্র্য জানতে আগ্রহী ভ্রমণকারীদের জন্য উল্লেখযোগ্য স্থান।
চিরিকাহুয়া পর্বতমালা ‘স্কাই আইল্যান্ডস’ নামে পরিচিত ৫৫টি পর্বতশ্রেণির অংশ। আশপাশের মরুভূমি ও তৃণভূমি থেকে বিচ্ছিন্ন এসব পাহাড়ি অঞ্চলে এমন অনেক উদ্ভিদ ও প্রাণী বাস করে, যেগুলো নিচু ও অপেক্ষাকৃত শুষ্ক এলাকায় সহজে টিকে থাকতে পারে না। এই স্বতন্ত্র পরিবেশের কারণে এখানে জীববৈচিত্র্যের সমৃদ্ধ সমাহার দেখা যায়।
১৯২৪ সালে চিরিকাহুয়াকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল। দীর্ঘদিন পর জাতীয় উদ্যানের স্বীকৃতি পাওয়ায় এলাকাটির সংরক্ষণ ও পর্যটন নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
কীভাবে যাবেন
চিরিকাহুয়া জাতীয় উদ্যানের কাছাকাছি শহর উইলকক্স। যুক্তরাষ্ট্রের ইন্টারস্টেট ১০ (আই-১০) মহাসড়ক থেকে দক্ষিণ দিকে গাড়িতে প্রায় ৪৫ মিনিটে উদ্যান এলাকায় পৌঁছানো যায়। অ্যারিজোনার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভ্রমণের পরিকল্পনা করলে গাড়িতে যাতায়াত সুবিধাজনক। তবে যাত্রার আগে উদ্যানের প্রবেশপথ, সড়কের অবস্থা ও দর্শনার্থীদের জন্য প্রযোজ্য নিয়ম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে হালনাগাদ তথ্য জেনে নেওয়া ভালো।
বোনিতা ক্যানিয়ন ড্রাইভে পাহাড়ি সৌন্দর্য
উদ্যান ঘোরার অন্যতম উপায় আট মাইল দীর্ঘ বোনিতা ক্যানিয়ন ড্রাইভ ধরে গাড়ি চালানো। এই পথ পাথুরে গঠন ও পাইনবনের মধ্য দিয়ে এগিয়ে গেছে। পথের শেষ দিকে রয়েছে মাসাই পয়েন্ট। এখান থেকে চারপাশের পাহাড়, উপত্যকা ও পাথুরে ভূদৃশ্যের ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখা যায়। ছবি তোলা ও প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য জায়গাটি উল্লেখযোগ্য।
হাইকিং, পাখি দেখা ও বন্য প্রাণী পর্যবেক্ষণ
চিরিকাহুয়া জাতীয় উদ্যানে রয়েছে ১৭টি হাইকিং ট্রেইল। পথের দৈর্ঘ্য ও কঠিনতার মাত্রা ভিন্ন হওয়ায় নিজের শারীরিক সক্ষমতা ও হাতে থাকা সময় অনুযায়ী ট্রেইল বেছে নেওয়া যায়। হাঁটার সময় পর্যাপ্ত পানি, আরামদায়ক জুতা ও আবহাওয়ার উপযোগী পোশাক সঙ্গে রাখা জরুরি।
পাখিপ্রেমীদের জন্যও উদ্যানটি বেশ সমৃদ্ধ। এখানে ২০০টিরও বেশি প্রজাতির পাখির উপস্থিতি নথিভুক্ত হয়েছে। পাখি দেখার জন্য বোনিতা ক্রিক ট্রেইল, ইকো পার্ক ও সিলভার স্পার মিডো ট্রেইল উল্লেখযোগ্য স্থান। এ ছাড়া বনাঞ্চলে বন্য প্রাণী পর্যবেক্ষণ করা যায়। তবে প্রাণী দেখার নিশ্চয়তা নেই; দূর থেকে তাদের পর্যবেক্ষণ করা এবং খাবার না দেওয়াই উচিত।
উদ্যানটিতে ঘোড়ায় চড়া ও বনভোজনের ব্যবস্থাও রয়েছে। এসব সুবিধা কোথায় এবং কখন পাওয়া যায়, তা ভ্রমণের আগে যাচাই করে নেওয়া ভালো।
তারাভরা আকাশ দেখার সুযোগ
দিনের বেলা পাহাড়ি পথ ও পাথুরে ভূদৃশ্য ঘুরে দেখার পাশাপাশি সন্ধ্যার পরও সময় কাটানোর সুযোগ রয়েছে চিরিকাহুয়ায়। রাতের আকাশের স্বাভাবিক অন্ধকার ও স্বচ্ছতার কারণে এটি আন্তর্জাতিক ডার্ক স্কাই পার্কের স্বীকৃতি পেয়েছে। কৃত্রিম আলোর দূষণ তুলনামূলকভাবে কম থাকায় পরিষ্কার আবহাওয়ায় আকাশের তারা পর্যবেক্ষণ করা যায়।
এখানে সন্ধ্যায় আকাশ পর্যবেক্ষণের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়া যায়। তবে এসব আয়োজনের সময়সূচি আগে থেকে জেনে নেওয়া প্রয়োজন। রাতের বেলা ঠান্ডা বাড়তে পারে বলে গরম পোশাক সঙ্গে রাখা ভালো।
প্রাচীন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে তৈরি পাথুরে স্তম্ভ, পাহাড়ি বন, বৈচিত্র্যময় পাখি ও তারাভরা রাতের আকাশসহ চিরিকাহুয়া জাতীয় উদ্যান প্রকৃতি ও ভূপ্রকৃতিতে আগ্রহী ভ্রমণকারীদের জন্য এক স্বতন্ত্র স্থান। যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যানের তালিকায় নতুন সংযোজন হিসেবে এর স্বীকৃতি এলাকাটির পরিচিতি আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।