এয়ারবিএনবিতে চেকআউটের নিয়মে বদল, বাসন ধোয়া-চাদর খোলার বাধ্যবাধকতা কমছে

ছুটিতে বেড়াতে গিয়ে এয়ারবিএনবিতে থাকার পরিকল্পনা করছেন? তাহলে চেকআউটের আগে ঘর পরিষ্কার করা, বাসন ধোয়া কিংবা বিছানার চাদর খুলে রাখার মতো কাজ নিয়ে আর অতটা চিন্তা করতে হবে না অতিথিদের। ভাড়া নেওয়া বাড়ি ছাড়ার আগে অতিথিদের দিয়ে কী কী কাজ করানো যাবে, তা নিয়ে নিয়মে পরিবর্তন আনছে আবাসন ভাড়ার জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবি।

নতুন নীতিমালায় বাড়ির মালিকেরা চেকআউটের শর্ত হিসেবে অতিথিদের দিয়ে দীর্ঘ সময় লাগে, এমন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতে পারবেন না। সাধারণত যেসব কাজ পরিচ্ছন্নতাকর্মীদের করার কথা, সেগুলো অতিথিদের ওপর চাপিয়ে দেওয়ার সুযোগ সীমিত করা হচ্ছে। এয়ারবিএনবির আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ২০ নভেম্বর বা তার পরে বুক করা রিজার্ভেশনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।

চেকআউটের আগে কোন কাজগুলো করতে হবে না?

নতুন নিয়ম অনুযায়ী, সাধারণভাবে অতিথিদের দিয়ে বাসন ধুয়ে যথাস্থানে তুলে রাখা, বিছানার চাদর খুলে রাখা কিংবা ভাড়া নেওয়া বাড়ির বাইরে আবর্জনা নিয়ে যেতে বাধ্য করতে পারবেন না বাড়ির মালিকেরা। অর্থাৎ, ছুটি কাটিয়ে ফেরার আগে দীর্ঘ কাজের তালিকা শেষ করার চাপ কিছুটা কমবে।

তবে এর অর্থ এই নয় যে অতিথিরা বাড়ি যেমন খুশি তেমন অবস্থায় রেখে চলে যেতে পারবেন। থাকার সময় সম্পত্তির যত্ন নেওয়া এবং অতিরিক্ত নোংরা না করা তাদের দায়িত্ব। ছত্রাক জমে যাওয়া বাসন, কার্পেটে দাগ কিংবা পোষা প্রাণীর মলমূত্রের দাগ রেখে যাওয়া গ্রহণযোগ্য হবে না।

বাড়ি ছাড়ার আগে কী কী করতে বলতে পারবেন মালিকেরা?

সাধারণ কিছু কাজের অনুরোধ জানাতে পারবেন বাড়ির মালিকেরা। যেমন, ব্যবহৃত বাসন সিঙ্কে রেখে যাওয়া, তোয়ালে এক জায়গায় জড়ো করা, আবর্জনা ও পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করা এবং বের হওয়ার আগে বাতি ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ করা। দরজা-জানালা ও তালার বিষয়ে দেওয়া নির্দেশনাও মেনে চলতে হবে অতিথিদের।

কিছু পরিস্থিতিতে বিশেষ নিয়মও থাকতে পারে। বন্য প্রাণীর আনাগোনা রয়েছে এমন এলাকায় আবর্জনা নিরাপদ পাত্রে রাখার নির্দেশ দিতে পারবেন বাড়ির মালিকেরা। আবার পানির সংকট রয়েছে, এমন এলাকায় পানি ব্যবহারের বিষয়ে নির্দিষ্ট বিধিনিষেধ থাকতে পারে।

বুকিংয়ের আগেই জেনে নিতে হবে বাড়ির নিয়ম

নতুন নীতিমালায় বুকিংয়ের আগে অতিথিদের কাছে বাড়ির নিয়মকানুন স্পষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাড়ির মালিকদের সব নিয়ম ও চেকআউটের নির্দেশনা সম্পত্তির অনলাইন তালিকায় উল্লেখ করতে হবে। ফলে বুকিং চূড়ান্ত করার আগেই অতিথিরা জানতে পারবেন, সেখানে থাকার সময় তাদের কী কী নিয়ম মানতে হবে।

অতিথিরা বাড়িতে পৌঁছানোর পরে বার্তা পাঠিয়ে, ঘরের মধ্যে নোট রেখে কিংবা মৌখিকভাবে নতুন কোনো শর্ত চাপিয়ে দিতে পারবেন না মালিকেরা। কোনো বাড়ির নিয়ম এয়ারবিএনবির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে, সংস্থাটি সেই তালিকা সংশোধনের নির্দেশ দিতে পারে। প্রয়োজনে অন্য ব্যবস্থাও নেওয়া হতে পারে।

পরিচ্ছন্নতার ফি কি বাতিল হচ্ছে?

নিয়মে পরিবর্তন এলেও বাড়ি পরিষ্কারের জন্য নেওয়া ফি বাতিল হচ্ছে না। অতিথিদের থাকার সময় সম্পত্তির যত্ন নিতে হবে এবং চেকআউটের সময় সেটি যুক্তিসংগতভাবে পরিষ্কার অবস্থায় রেখে যেতে হবে।

এয়ারবিএনবির এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, ছুটি শেষে বাড়ি ছাড়ার আগে অতিথিদের ওপর অতিরিক্ত কাজের বোঝা কমানো এবং বুকিংয়ের সময়ই বাড়ির নিয়ম সম্পর্কে তাঁদের পরিষ্কার ধারণা দেওয়া। ফলে ভ্রমণের পরিকল্পনা করার সময় শুধু ভাড়া ও অবস্থানের সুবিধা নয়, চেকআউটের শর্তগুলোও আগে দেখে নেওয়া জরুরি।