মাত্র ৪৭০ টাকায় জাপানে ছোট্ট ট্রেন চালানোর সুযোগ!

জাপানে বেড়াতে গেলে ট্রেন চালানোর অভিজ্ঞতাও নিতে পারেন পর্যটকেরা। দেশটির সাইতামা শহরের একটি রেল জাদুঘরে রয়েছে ছোট্ট ট্রেন চালানোর বিশেষ ব্যবস্থা। সেখানে বাস্তব রেলপথের আদলে তৈরি নির্দিষ্ট পথে নিজের হাতে ছোট ট্রেন চালাতে পারবেন দর্শনার্থীরা।

সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটর এই মজার অভিজ্ঞতার ভিডিও ভাগ করে নিয়েছেন। ভিডিওতে দেখা গিয়েছে, রঙিন ছোট ছোট ট্রেনের সঙ্গে রয়েছে চালকের জন্য আলাদা কেবিন। সেখানে আছে নিয়ন্ত্রণ প্যানেল, গতি বাড়ানো-কমানোর লিভার, স্পিডোমিটার, হর্ন এবং বিভিন্ন বোতাম। চালক ছাড়াও প্রতিটি ছোট ট্রেনে একসঙ্গে তিন জন যাত্রী বসতে পারেন।

সাইতামার ‘দ্য রেলওয়ে মিউজিয়াম’-এ এই অভিজ্ঞতার সুযোগ রয়েছে। তবে এই ট্রেন চালানোর ব্যবস্থা বেশ জনপ্রিয় হওয়ায় আগাম বুকিং করে যাওয়ার পরামর্শ দিয়েছেন ওই কনটেন্ট ক্রিয়েটর। জাদুঘরের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করা যায়। বুকিংয়ের পর জাপানের ৭-ইলেভেন দোকানে দু’দিনের মধ্যে টাকা জমা দিতে হয়। তাই জাপানে যাওয়ার পরিকল্পনা নিশ্চিত করেই বুকিং করা ভালো।

এ ছাড়া জাদুঘরের অ্যাপের মাধ্যমে লটারিতে অংশ নেওয়ার সুযোগও রয়েছে। তবে সেই পদ্ধতিতে আসন পাওয়া নিশ্চিত নয়। জাদুঘরে পৌঁছনোর পরই এই লটারিতে অংশ নেওয়া যায়।

জাদুঘরে প্রবেশের টিকিটের দাম প্রাপ্তবয়স্কদের জন্য ১,৫০০ ইয়েন, ভারতীয় মুদ্রায় প্রায় ৯০৪ রুপি ও বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,১৮০ টাকা। আর ছোট্ট ট্রেন চালানোর জন্য খরচ ৬০০ ইয়েন, অর্থাৎ প্রায় ৩৬১ রুপি ও বাংলাদেশি মুদ্রায় ৪৭২ টাকা।

কী ভাবে যাবেন?

সাইতামা শহরের ওমিয়া এলাকায় অবস্থিত এই রেল জাদুঘরে টোকিয়ো থেকেও সহজে যাওয়া যায়। টোকিয়ো থেকে সরাসরি ট্রেনে ওমিয়া স্টেশনে পৌঁছে সেখান থেকে নিউ শাটল লাইনের ট্রেনে উঠতে হবে। এই লাইনের স্টেশনটি সরাসরি রেল জাদুঘরের প্রবেশপথের সঙ্গে যুক্ত।