ছুটির মৌসুমে পাহাড়, সমুদ্র কিংবা দ্বীপে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন অনেকেই। কিন্তু বেড়াতে গিয়ে হঠাৎ ভূমিকম্প হলে কী করবেন, তা কি জানা আছে? বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে বড়সড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। প্রাকৃতিক বিপর্যয় বলে-কয়ে আসে না। তাই বেড়াতে যাওয়ার আগে এমন পরিস্থিতিতে কী ভাবে নিজেকে এবং সঙ্গীদের সুরক্ষিত রাখবেন, তা জেনে রাখা জরুরি।
হোটেলের ঘরে থাকলে: বহুতল হোটেলে ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত হয়ে বাইরে বেরোনোর চেষ্টা করবেন না। লিফ্ট একেবারেই ব্যবহার করবেন না। মেঝেতে বসে শক্তপোক্ত টেবিলের নীচে আশ্রয় নিন। মাথা ও ঘাড় হাত দিয়ে ঢেকে রাখুন। টেবিল না থাকলে ঘরের ভিতরে কোনও নিরাপদ কোণে বসে পড়ুন।
কাচের জানলা ও ভারী আসবাব থেকে দূরে থাকুন: আলমারি, দেরাজ, কাচের জানালা বা এমন কোনও জিনিসের পাশে থাকবেন না, যা কাঁপুনির ফলে ভেঙে বা পড়ে যেতে পারে। বিছানায় থাকলে সেখানেই উপুড় হয়ে শুয়ে বালিশ দিয়ে মাথা ও ঘাড় ঢেকে রাখুন।
খোলা জায়গায় আশ্রয় নিন: রিসোর্ট বা নিচু বাড়িতে থাকলে কম্পন থামার পর সতর্কভাবে বাইরে বেরিয়ে খোলা জায়গায় যান। বাড়ি, গাছ, বিদ্যুতের খুঁটি এবং তার থেকে দূরে থাকুন। কম্পন চলাকালীন হুড়োহুড়ি করে বেরোতে যাবেন না।
গাড়িতে থাকলে: গাড়ি চালানোর সময়ে ভূমিকম্প টের পেলে ধীরে গতি কমিয়ে নিরাপদ খোলা জায়গায় থামুন। সেতু, উড়ালপুল, বড় গাছ, বিদ্যুতের খুঁটি ও তারের নীচে গাড়ি দাঁড় করাবেন না। কম্পন থামার আগে গাড়ি থেকে নামবেন না।
পাহাড়ি এলাকায় সতর্ক থাকুন: ভূমিকম্পের পরে পাহাড়ে ভূমিধস বা পাথর গড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এমন কিছু চোখে পড়লে দ্রুত সেই এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরে যান। ছবি বা ভিডিও তুলতে গিয়ে ঝুঁকি নেবেন না।
সমুদ্রের কাছে থাকলে: উপকূলীয় এলাকায় জোরালো বা দীর্ঘস্থায়ী ভূমিকম্প হলে সুনামির আশঙ্কা থাকতে পারে। কম্পন থামার পর সমুদ্রের দিকে না গিয়ে দ্রুত উঁচু ও নিরাপদ জায়গায় চলে যান। স্থানীয় প্রশাসনের সতর্কবার্তা ও নির্দেশ মেনে চলুন।
জরুরি জিনিসপত্র সঙ্গে রাখুন: বেড়াতে যাওয়ার সময় প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, শুকনো খাবার ও পানীয় জল সঙ্গে রাখুন। পরিচয়পত্র এবং জরুরি নথি হাতের কাছে রাখুন। হোটেলে থাকার সময়ে জরুরি নির্গমন পথ ও আশ্রয় নেওয়ার জায়গা কোথায়, তা আগেই জেনে নিন।