উৎসবের ভিড় নিয়ন্ত্রণে দিল্লির রেলস্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি

দীপাবলি ও ছটপুজো উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল। উৎসবের মরসুমে যাত্রীদের নিরাপত্তা ও পরিষেবা খতিয়ে দেখতে সম্প্রতি নয়াদিল্লি রেলস্টেশন পরিদর্শন করেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মের প্রবেশ ও বের হওয়ার পথ, যাত্রীদের জন্য নির্ধারিত সুবিধা, নিরাপত্তাব্যবস্থা এবং সাধারণ অপেক্ষার জায়গাগুলি ঘুরে দেখেন তিনি। কথা বলেন যাত্রীদের সঙ্গেও, জানতে চান তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা।

উৎসবের সময় বহু মানুষ কর্মস্থল থেকে নিজেদের শহর বা গ্রামে ফেরেন। তাঁদের যাত্রা সহজ করতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভিড় নিয়ন্ত্রণে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

নজরদারিতে ৭০০-র বেশি এআই ক্যামেরা

নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে নয়াদিল্লি রেলস্টেশনে ৭০০টিরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে স্টেশনে যাত্রীদের চলাচলের ওপর নজর রাখা হবে। কোন এলাকায় বেশি ভিড় জমছে বা কোথায় ভিড় বাড়ার আশঙ্কা রয়েছে, তা দ্রুত শনাক্ত করতে পারবেন রেলকর্মীরা। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।

যাত্রীদের অপেক্ষার সুবিধার জন্য স্টেশনে আলাদা ওয়েটিং এরিয়ারও ব্যবস্থা করা হয়েছে। যাতে যাত্রীরা নিরাপদে অপেক্ষা করতে পারেন এবং নির্ধারিত সময়ে সহজে নিজেদের প্ল্যাটফর্মে পৌঁছে ট্রেনে উঠতে পারেন, সে দিকেও নজর রাখা হচ্ছে। পরিদর্শনের সময় কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থাপনা নিয়ে তাদের মতামতও শোনেন অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, এখন পর্যন্ত যাত্রীরা পরিষেবা নিয়ে সন্তুষ্ট।

উৎসবের জন্য ১৮ হাজার বিশেষ ট্রেন

রেলমন্ত্রী জানিয়েছেন, আগের উৎসবের মরসুমে প্রায় ১২ হাজার বিশেষ ট্রেন চালানো হয়েছিল। এর মধ্যে বেশ কয়েকটি ট্রেনকে পরে নিয়মিত পরিষেবায় যুক্ত করা হয়েছে। পাশাপাশি চলতি দীপাবলি ও ছটপুজোর মৌসুমে যাত্রীদের সুবিধার জন্য প্রায় ১৮ হাজার বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

দিল্লির নয়াদিল্লি, পুরনো দিল্লি, আনন্দ বিহার, হজরত নিজামুদ্দিন ও সরাই রোহিল্লার মতো প্রধান রেলস্টেশনগুলিতে উৎসবের সময় যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে এই স্টেশনগুলিতে প্রায় ২ কোটি যাত্রীর যাতায়াত হয়েছে।

সাধারণত রাজধানীর এই স্টেশনগুলিতে প্রতিদিন প্রায় ৫ লাখ যাত্রীর যাতায়াত হয়। কিন্তু উৎসবের কারণে ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে দৈনিক যাত্রীসংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৮ লাখে। দীপাবলি ও ছটপুজো উদ্‌যাপনে বাড়ি ফেরার ভিড় সামলাতেই এই অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে ভারতীয় রেল।