বেড়াতে গিয়ে শুধু নতুন জায়গা দেখা বা অবসর কাটানোই নয়, চাইলে প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণেও ভূমিকা রাখা যায়। কোথাও পর্যটকেরা সমুদ্রের প্রবালপ্রাচীর ফিরিয়ে আনতে সাহায্য করছেন, কোথাও জঙ্গলে গাছ লাগাচ্ছেন, আবার কোথাও বিপন্ন প্রাণীদের রক্ষার কাজে যুক্ত হচ্ছেন। পরিবেশবান্ধব পর্যটনের এমনই কিছু অভিজ্ঞতার কথা পাঠকদের জন্য তুলে ধরা হলো। এসব অভিজ্ঞতার ভ্রমণকাহিনিতে উঠে এসেছে পৃথিবীর নানা প্রান্তের সাতটি আকর্ষণীয় উদ্যোগ।
তানজানিয়ায় প্রবালপ্রাচীর পুনরুদ্ধার
সমুদ্রের তলায় প্রবালপ্রাচীরের সৌন্দর্য দেখতে স্কুবা ডাইভিংয়ের অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। কিন্তু তানজানিয়ার মাফিয়া আইল্যান্ডে পর্যটকেরা শুধু প্রবাল দেখতে যান না, সেগুলি ফিরিয়ে আনার কাজেও অংশ নেন। ‘দ্য রোপস অব হোপ’ নামে একটি প্রকল্প সেখানে প্রবালপ্রাচীর পুনরুদ্ধারের কাজ করছে। প্রকল্পটির সঙ্গে যুক্ত গবেষকেরা প্রবালের জিনগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণার পাশাপাশি স্থানীয় মানুষের অংশগ্রহণে সংরক্ষণকাজ চালাচ্ছেন। পর্যটকেরাও সেই উদ্যোগ সম্পর্কে জানার এবং সহযোগিতা করার সুযোগ পান। সমুদ্রের দিকে মুখ করা গাছের উপর তৈরি থাকার জায়গায় রাত কাটানোর অভিজ্ঞতাও এই ভ্রমণের বাড়তি আকর্ষণ।
স্কটল্যান্ডে বন ফিরিয়ে আনার উদ্যোগ
স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলে রয়েছে ‘ট্রিজ ফর লাইফ’ নামে একটি বন পুনরুদ্ধার প্রকল্প। প্রায় ৪০ বছর ধরে সংস্থাটি প্রাচীন ক্যালেডোনিয়ান অরণ্য ফিরিয়ে আনার কাজ করছে। স্বেচ্ছাসেবকেরা দল বেঁধে প্রত্যন্ত বনাঞ্চলে গিয়ে গাছ লাগান, বন্যপ্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং উদ্ভিদসম্পদের সমীক্ষায় অংশ নেন। তাদের থাকার ব্যবস্থা হয় সাধারণ বনকুটিরে। সেখানে নিজেরাই রান্না করতে হয়। আধুনিক সুযোগ-সুবিধা বা ওয়াই-ফাইয়ের বদলে প্রকৃতির কাছাকাছি থেকে কাজ করার অভিজ্ঞতাই এই ভ্রমণের মূল আকর্ষণ।
নেদারল্যান্ডসে প্রকৃতির মাঝে পরিবেশবান্ধব বাস
নেদারল্যান্ডসের নিজমেগেন শহরের কাছে মাশরশ্ট প্রকৃতি সংরক্ষণ এলাকায় রয়েছে ‘কেবিন আনা’। জঙ্গলের মধ্যে তৈরি কাঠের ছোট্ট কেবিনগুলিতে স্বনির্ভর ও পরিবেশবান্ধব জীবনযাপনের উপর জোর দেওয়া হয়। ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে ব্যবহারের পাত্র সব ক্ষেত্রেই পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের চেষ্টা করা হয়েছে। মোমবাতির আলোয় রাত কাটানো, খোলা বারান্দায় বসে তারাভরা আকাশ দেখা কিংবা সাইকেল ও পায়ে হেঁটে বন ঘুরে দেখার সুযোগ রয়েছে এখানে। আশপাশে গরু, ছাগল, ভেড়া ও বাইসনের মতো প্রাণীও দেখা যায়।
ইতালিতে মৌমাছির সঙ্গে পরিচয়
ইতালির দক্ষিণ টিরল অঞ্চলের রিনার হোটেলে পর্যটকদের জন্য রয়েছে মৌমাছি ও মৌচাষকে ঘিরে বিশেষ অভিজ্ঞতা। এই পারিবারিক হোটেলে মৌমাছির পরিবেশগত গুরুত্ব সম্পর্কে জানার পাশাপাশি মৌচাকের বাতাসে শ্বাস নেওয়ার বিশেষ ওয়েলনেস আয়োজন, মৌচাষের প্রশিক্ষণ এবং হাতে-কলমে কাজের সুযোগ রয়েছে। খাবারের মেনুতেও গুরুত্ব পায় হোটেলেই উৎপাদিত জৈব মধু। শুধু তাই নয়, হোটেলের বিদ্যুতের চাহিদা মেটানো হয় কাঠের বর্জ্য থেকে উৎপাদিত শক্তি দিয়ে। খাবারের উপকরণও আসে স্থানীয় খামার থেকে।
উগান্ডায় গন্ডার দেখার রোমাঞ্চ
উগান্ডার জিওয়া রাইনো অ্যান্ড ওয়াইল্ডলাইফ র্যাঞ্চে পর্যটকেরা গাইডের সঙ্গে পায়ে হেঁটে গন্ডার দেখতে যেতে পারেন। নির্দিষ্ট পথে নিঃশব্দে এগিয়ে দেখা মেলে বুনো গন্ডারের। কখনও মা গন্ডারের সঙ্গে শাবককেও দেখা যায়। বিপন্ন এই প্রাণীর সংখ্যা ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে সংরক্ষণ প্রকল্প চালাচ্ছে কর্তৃপক্ষ। পর্যটকদের এই ভ্রমণ থেকে পাওয়া অর্থও বন্যপ্রাণী সংরক্ষণের উদ্যোগকে এগিয়ে নিতে সাহায্য করে। তবে গন্ডারের কাছাকাছি যাওয়ার সময় গাইডের নির্দেশ মেনে চলা জরুরি।
মন্টেনেগ্রোয় প্লাস্টিকের বদলে বিড়ালের খাবার
মন্টেনেগ্রোর কোটর শহরের পুরনো অংশে রয়েছে বিড়ালদের জন্য একটি ছোট্ট পার্ক। সেখানে ঘুরে বেড়ায় শহরের পরিচিত বিড়ালগুলি। পার্কের পাশে রয়েছে একটি বিশেষ পুনর্ব্যবহার যন্ত্র। সেখানে খালি প্লাস্টিকের বোতল জমা দিলে বিনিময়ে পাওয়া যায় বিড়ালের খাবার। ফলে প্লাস্টিক বর্জ্য কমানোর পাশাপাশি পথের বিড়ালদের খাবারের ব্যবস্থাও হয়। পর্যটকেরাও নিজেদের ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিয়ে এই উদ্যোগে অংশ নিতে পারেন।
ইতালিতে কচ্ছপদের পুনর্বাসনকেন্দ্র
ইতালির কালাব্রিয়া অঞ্চলের ব্রাঙ্কালিওনে পুরনো একটি রেলস্টেশনে রয়েছে ‘সি টার্টল রিকভারি সেন্টার’। স্বেচ্ছাসেবকেরা পরিচালিত এই কেন্দ্রে ২০০৬ সাল থেকে ৭০০-র বেশি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার ও পুনর্বাসন করা হয়েছে। আহত বা বিপন্ন কচ্ছপদের চিকিৎসা করে সুস্থ করে তোলাই কেন্দ্রটির মূল কাজ। পর্যটকেরা আগে থেকে সময় নিয়ে এখানে যেতে পারেন। সামান্য প্রবেশমূল্যের বিনিময়ে কেন্দ্রের কর্মীদের কাছ থেকে কচ্ছপদের জীবন, বিপদ এবং সংরক্ষণের কাজ সম্পর্কে জানার সুযোগ মেলে।
ভ্রমণ হোক প্রকৃতির পাশে
এই সাতটি অভিজ্ঞতা দেখিয়ে দেয়, পর্যটন শুধু অর্থ ব্যয় করে নতুন জায়গা ঘোরার মধ্যে সীমাবদ্ধ নয়। সচেতনভাবে ভ্রমণ করলে স্থানীয় মানুষ, বন্যপ্রাণী ও পরিবেশের উপকারেও আসা যায়। কখনও একটি গাছ লাগানো, কখনও প্লাস্টিক বর্জ্য সঠিক জায়গায় জমা দেওয়া, আবার কখনও বিপন্ন প্রাণীর পুনর্বাসনকেন্দ্র ঘুরে দেখা—ছোট ছোট উদ্যোগও প্রকৃতি সংরক্ষণে বড় ভূমিকা রাখতে পারে।
সূত্র: দ্যা গার্ডিয়ান