পাথর, পাহাড় আর স্বচ্ছ জলধারা, বাংলাদেশের কাশ্মীর খ্যাত এই জায়গা কোথায়

শুধু ভারত বা পাকিস্তান নয়, বাংলাদেশেও রয়েছে কাশ্মীর। কী অবাক হচ্ছেন? দেশেই এমন এক জায়গা রয়েছে, যার সৌন্দর্য দেখে তাকে বলা হয় বাংলাদেশের কাশ্মীর। সেখানকার পাহাড়, ঝরনা আর পাথুরে নদীর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হন পর্যটকেরা। সিলেটের গোয়াইনঘাটে তেমনই এক মনোরম জায়গা লক্ষনছড়া। ভারতের পাহাড়ি ঝরনা থেকে নেমে আসা জলধারা, ছোট-বড় অসংখ্য পাথর আর স্বচ্ছ পানির ঝিরিপথ মিলিয়ে জায়গাটি যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। বিশেষ করে বর্ষায় লক্ষনছড়ার সৌন্দর্য হয়ে ওঠে আরও আকর্ষণীয়।

সিলেট শহর থেকে বেশ কিছুটা দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত লক্ষনছড়া। পান্থুমাই ঝরনা থেকে খুব বেশি দূরে নয় জায়গাটি। অন্য দিকে বিছানাকান্দি থেকেও ঘুরে আসা যায় এখানে। তাই সিলেট ভ্রমণে গেলে একই দিনে বিছানাকান্দি, পান্থুমাই ও লক্ষনছড়া ঘুরে দেখার পরিকল্পনা করতে পারেন।

লক্ষনছড়ার অন্যতম আকর্ষণ এর পাথুরে ঝিরিপথ। ভারতের পাহাড়ি ঝরনা থেকে নেমে আসা পানির সঙ্গে ছোট-বড় অসংখ্য পাথর মিলে তৈরি করেছে দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য। সীমান্তবর্তী এলাকায় থাকা একটি সেতুর নিচে পাথর জমে তৈরি হয়েছে এই সুন্দর ঝিরিপথ। চারপাশের সবুজ প্রকৃতি আর পাহাড়ি জলধারা মিলে জায়গাটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। বর্ষাকালে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় লক্ষনছড়া আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

কখন যাবেন

লক্ষনছড়া ঘুরে দেখার সবচেয়ে ভালো সময় বর্ষাকাল। এ সময় পাহাড়ি ঝরনার পানি বেড়ে যায়, পাথুরে ঝিরিপথে পানির স্রোত তৈরি হয় এবং চারপাশের প্রকৃতি হয়ে ওঠে সবুজ ও সজীব। তবে অতিবৃষ্টি বা পাহাড়ি ঢলের সময় সতর্ক থাকতে হবে। স্রোত বেশি থাকলে পানিতে নামা এড়িয়ে চলাই ভালো।

কীভাবে যাবেন

ঢাকা থেকে সিলেট যেতে বাস, ট্রেন কিংবা বিমানের যেকোনো একটি মাধ্যম বেছে নিতে পারেন। বাসে গেলে এসি ও নন-এসি দুই ধরনের পরিষেবা রয়েছে। নন-এসি বাসের ভাড়া প্রায় ৪০০ থেকে ৪৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ৮০০ থেকে ১১০০ টাকা। তবে পরিবহন ও সময়ভেদে ভাড়ার পরিবর্তন হতে পারে।

ট্রেনে যেতে চাইলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেটগামী আন্তনগর ট্রেনে উঠতে পারেন। আসন ও শ্রেণিভেদে ভাড়া প্রায় ১৫০ থেকে ১০১৮ টাকা। অন্য দিকে বিমানে গেলে ঢাকা থেকে সিলেটের অভ্যন্তরীণ ফ্লাইটের ভাড়া প্রায় ৩২০০ টাকা থেকে শুরু। বিমান সংস্থা ও টিকিটের ধরন অনুযায়ী ভাড়া আলাদা হতে পারে।

সিলেট শহরে পৌঁছে আম্বরখানা থেকে সিএনজিতে হাদারপাড় যেতে পারেন। পাঁচজন মিলে সিএনজি রিজার্ভ করলে ভাড়া পড়তে পারে প্রায় ১০০০ টাকা। জনপ্রতি যাতায়াতের ভাড়া সাধারণত ৮০ থেকে ২০০ টাকার মধ্যে হতে পারে। এ ছাড়া গোয়াইনঘাট বাজার থেকেও সিএনজিতে হাদারপাড় যাওয়া যায়। জনপ্রতি ভাড়া প্রায় ৪০ টাকা।

হাদারপাড় বাজার থেকে বিছানাকান্দি, পান্থুমাই ও লক্ষনছড়া ঘুরে দেখতে নৌকা ভাড়া করতে হবে। একটি নৌকায় তিনটি জায়গা ঘুরে আসতে খরচ পড়তে পারে প্রায় ১১০০ থেকে ১৫০০ টাকা। নৌকা ভাড়া করার আগে মাঝি লক্ষনছড়া চেনেন কি না, তা নিশ্চিত হয়ে নেবেন। বর্ষাকালে নৌকায় যাতায়াত সুবিধাজনক। শুকনো মৌসুমে পানি কম থাকলে হেঁটেও লক্ষনছড়ায় যাওয়া যায়। সে ক্ষেত্রে সময় লাগতে পারে ৩০ থেকে ৪০ মিনিট।

বিছানাকান্দি, পান্থুমাই ও লক্ষনছড়া ঘুরে হাদারপাড় ফিরে আসতে মোটামুটি পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে। তাই সিলেট শহর থেকে রওনা দেওয়ার পথে গোয়াইনঘাট বাজারে দুপুরের খাবার খেয়ে নেওয়া কিংবা খাবার সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

কোথায় থাকবেন

লক্ষনছড়া ঘুরে দেখতে সাধারণত এক দিনই যথেষ্ট। তাই চাইলে সিলেট শহরে থেকেই দিনে দিনে ঘুরে আসতে পারেন। সিলেট শহরে বিভিন্ন বাজেটের হোটেল ও আবাসিক ব্যবস্থা রয়েছে। দরগা গেট, জিন্দাবাজার ও লালবাজার এলাকায় থাকার জন্য নানা ধরনের হোটেল পাওয়া যায়। সাধারণ মানের হোটেলে প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা থেকে শুরু করে বিলাসবহুল হোটেলে কয়েক হাজার টাকা পর্যন্ত কক্ষভাড়া হতে পারে। তবে মৌসুম ও হোটেলভেদে ভাড়া পরিবর্তিত হয়।

কোথায় খাবেন

খাবারের জন্য সিলেট শহরের জিন্দাবাজার এলাকায় বেশ কয়েকটি পরিচিত রেস্তোরাঁ রয়েছে। পাঁচ ভাই, পানশি ও পালকি রেস্তোরাঁয় সিলেটের নানা ধরনের স্থানীয় খাবার ও ভর্তার স্বাদ নিতে পারেন। এ ছাড়া হাদারপাড় বাজার ও গোয়াইনঘাট এলাকাতেও খাবারের ব্যবস্থা রয়েছে। চাইলে ভ্রমণের পথে প্রয়োজনীয় খাবার ও পানীয় সঙ্গে রাখতে পারেন।