শীতে বেড়ানোর আদর্শ ঠিকানা, ব্রিটেনের ১০ মনোরম জায়গা

শীত মানেই শুধু ঘরের কোণে বসে থাকা নয়। বরং এই সময় প্রকৃতির অন্য রূপ দেখতে বেরিয়ে পড়তে পারেন। কোথাও হাজার হাজার পাখির আকাশজুড়ে ওড়ার দৃশ্য, কোথাও সমুদ্রের উত্তাল ঢেউ, আবার কোথাও বরফে ঢাকা পাহাড়ে স্কি করার সুযোগ। শীতের ছুটিতে এমনই কিছু অন্য রকম অভিজ্ঞতার সন্ধান দিয়েছে ব্রিটেনের সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’। তাদের তালিকায় রয়েছে ব্রিটেনের ১০টি জায়গা, যেখানে সপ্তাহান্তের দু’দিন কাটিয়ে প্রকৃতির কাছাকাছি পৌঁছে যেতে পারেন।

ওয়েলসের অ্যাবেরিস্টউইথ শহরে শালিক পাখির ঝাঁক (ছবি: দ্যা গার্ডিয়ান)

অ্যাবেরিস্টউইথে শালিকের ঝাঁক

ওয়েলসের অ্যাবেরিস্টউইথ শহরে শীতের অন্যতম আকর্ষণ হাজার হাজার শালিকের একসঙ্গে আকাশে ওড়ার দৃশ্য। বিকেলের দিকে সমুদ্রের ধারের রাস্তা ধরে হাঁটলে দেখা মিলতে পারে এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের। প্রায় ৫০ হাজার পাখি একসঙ্গে উড়ে বেড়ায় এখানে। শহরে রয়েছে ন্যাশনাল লাইব্রেরি অফ ওয়েলসও। ঘোরাঘুরির ফাঁকে সেখানে ঢুঁ মারতে পারেন। খাওয়াদাওয়ার জন্য শহরের বাইরে ‘ওয়াই ফার্মার্স’ রেস্তরাঁর খোঁজ দিতে পারে প্রতিবেদনটি। সমুদ্রের ধারের ‘গুয়েস্টি কামরি’ হোটেলে দু’জনের থাকার খরচ শুরু নাশতাসহ প্রায় ১৪০ পাউন্ড থেকে, যা ২৩,৩০০ বাংলাদেশি টাকা।

ইংল্যান্ডের ডার্বিশায়ারের পিক ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্ক (ছবি: পেক্সেলস)

পিক ডিস্ট্রিক্টে সূর্যোদয়

ইংল্যান্ডের ডার্বিশায়ারের পিক ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্ক শীতের সকালে অন্য রূপ নেয়। বিশেষ করে হোপ ভ্যালির ম্যাম টর পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা অসাধারণ। পরিষ্কার আকাশে সূর্যের প্রথম আলোয় পাহাড়ের রং বদলে যায়। গাড়ি রাখার জায়গা থেকে মাত্র ১৫ মিনিট হাঁটলেই পৌঁছনো যায় ম্যাম টরের ভিউপয়েন্টে। কাছের ক্যাসলটন শহরেও ঘুরে দেখতে পারেন। সেখানে ‘বুলস হেড’ হোটেলে নাশতাসহ দু’জনের থাকার খরচ শুরু ১১৫ পাউন্ড থেকে, যা ১৯,১৩৮ বাংলাদেশি টাকা।

কর্নওয়ালের পোর্থলেভেনে সমুদ্রের উত্তাল ঢেউ (ছবি: সংগৃহীত)

কর্নওয়ালে সমুদ্রের উত্তাল ঢেউ

শীতের সমুদ্রের রূপ দেখতে চাইলে যেতে পারেন কর্নওয়ালের পোর্থলেভেনে। আটলান্টিক মহাসাগরের ধারে এই ছোট শহরে শীতকালে বিশাল ঢেউ আছড়ে পড়ে উপকূলে। ২০২৫ সালের শীতে প্রায় ৩০ ফুট উঁচু ঢেউ দেখা গিয়েছিল এখানকার তিন মাইল দীর্ঘ বালুকাবেলায়। পর্যটকদের ভিড় কমে গেলে শহরটি ফিরে পায় পুরনো মৎস্যজীবী গ্রামের পরিবেশ। স্থানীয় ‘শিপ ইন’ এবং ‘ব্লু অ্যাঙ্কর’ পানশালায় আগুনের উষ্ণতা উপভোগ করতে পারেন। ‘হারবার ইন’-এ দু’জনের সকালের নাশতাসহ থাকার খরচ শুরু ১২০ পাউন্ড থেকে (১৯,৯৭০ বাংলাদেশি টাকা)।

নরফোকে সিলের শাবক দেখা

নরফোকে গেলে সিলের শাবক দেখতে পারবেন (ছবি: পেক্সেলস)

অক্টোবরের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত নরফোকের হর্সি গ্যাপ সমুদ্রসৈকতে ভিড় জমায় ধূসর সিল। এই সময় বাচ্চা প্রসবের জন্য সমুদ্রের জল ছেড়ে বালুকাবেলায় উঠে আসে তারা। ২০২৫-২৬ মরসুমে এখানে ৩৫০০-র বেশি সিলের শাবকের জন্ম হয়েছিল। তবে বন্যপ্রাণীদের বিরক্তি এড়াতে সৈকতের কিছু অংশে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। নির্দিষ্ট পর্যবেক্ষণ মঞ্চ থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে তাদের দেখা যায়। পরে হর্সি গ্রামের ‘নেলসন হেড’ রেস্তরাঁয় আগুনের পাশে বসে দুপুরের খাবার খেতে পারেন। ‘ডেয়ারি বার্নস’ হোটেলে নাশতাসহ দু’জনের থাকার খরচ শুরু ১২০ পাউন্ড থেকে (১৯,৯৭০ বাংলাদেশি টাকা)।

কনউইতে হাস্কি কুকুরের সঙ্গে অ্যাডভেঞ্চার (ছবি: পেক্সেলস)

কনউইতে হাস্কি কুকুরের সঙ্গে অ্যাডভেঞ্চার

বরফে ঢাকা প্রান্তরে কুকুরের টানা স্লেজে চড়ার অভিজ্ঞতা নিতে হলে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলিতে যেতে হবে, এমন ধারণা বদলে দিতে পারে ওয়েলসের উত্তরাংশের কনউই। এখানে ‘মিনিড স্লেজ ডগ অ্যাডভেঞ্চার্স’-এ বরফ ছাড়াই হাস্কি কুকুরের টানা বিশেষ গাড়িতে চড়ার সুযোগ রয়েছে। ছয়টি সাইবেরিয়ান ও আলাস্কান হাস্কি কুকুর বনপথ এবং খোলা প্রান্তর দিয়ে টেনে নিয়ে যায় যাত্রীদের। জনপ্রতি খরচ শুরু ১২০ পাউন্ড থেকে (১৯,৯৭০ বাংলাদেশি টাকা)। ঘোরাঘুরির পরে ‘ক্রাউন ইন’-এ গরম স্যুপ বা স্টু খেতে পারেন। থাকার জন্য রয়েছে ‘লুইন অন’ হোটেল, যেখানে নাশতাসহ দু’জনের খরচ শুরু ১২৩ পাউন্ড থেকে (২০,৪৬৯ বাংলাদেশি টাকা)।

সি স্ক্রাব সাউনাতে উপভোগ করতে পারবেন ঠান্ডা জলে ডুব দেওয়া (ছবি: পেক্সেলস)

কেন্টে সাউনা ও ঠান্ডা জলে ডুব

শীতের দিনে সমুদ্রের ধারে কাঠের উনুনে গরম করা সাউনায় বসে শরীর গরম করার অভিজ্ঞতাও নিতে পারেন। কেন্টের ফোকস্টোনে রয়েছে ‘সি স্ক্রাব সাউনা’। এখানে কাঠের আগুনে গরম করা দুটি সাউনার পাশাপাশি রয়েছে ঠান্ডা জলে ডুব দেওয়ার ব্যবস্থা, গরম জলের শাওয়ার এবং জাপানি ক্যাফে। ৪০ মিনিটের সামূহিক সাউনা সেশনের খরচ জনপ্রতি ২০ পাউন্ড থেকে (৩,৩২৮ বাংলাদেশি টাকা)। সাউনা থেকে বেরিয়ে শহরের পথে হাঁটতে পারেন। ফোকস্টোনে সমকালীন শিল্পকলার একটি বড় মুক্তাঙ্গনও রয়েছে। থাকার জন্য ‘রিলিশ’ হোটেলে প্রাতরাশ-সহ দু’জনের খরচ শুরু ৮৮ পাউন্ড থেকে (১৪,৬৪৫ বাংলাদেশি টাকা)।

কেইথনেসে মেরুজ্যোতি (ছবি: পেক্সেলস)

কেইথনেসে মেরুজ্যোতি দেখার সুযোগ

রাতের আকাশে মেরুজ্যোতি বা নর্দার্ন লাইটস দেখার স্বপ্ন থাকলে স্কটল্যান্ডের কেইথনেস অঞ্চলের ডানেট হেড হতে পারে আদর্শ ঠিকানা। ব্রিটেনের মূল ভূখণ্ডের সবচেয়ে উত্তরের প্রান্তে অবস্থিত এই জায়গা থেকে অর্কনি দ্বীপপুঞ্জের দিকে বিস্তৃত আকাশ দেখা যায়। পরিষ্কার রাতে সবুজ আলোর বিচিত্র খেলা চোখে পড়তে পারে। মেরুজ্যোতি দেখা না গেলেও দিনের বেলায় ডানেট উপসাগরে ডলফিন দেখার সুযোগ রয়েছে। কাছের ‘নর্দার্ন স্যান্ডস’ হোটেলে থাকার খরচ সকালের নাশতাসহ শুরু ১০০ পাউন্ড থেকে (১৬,৬৪২ বাংলাদেশি টাকা)।

ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের নিউ ফরেস্ট (ছবি: পেক্সেলস)

নিউ ফরেস্টের নির্জন প্রকৃতি

গ্রীষ্মে পর্যটকদের ভিড় থাকলেও শীতকালে ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের নিউ ফরেস্ট অনেকটাই নির্জন হয়ে যায়। চারদিকে গাছের সারি, পাতায় বৃষ্টির শব্দ আর খোলা প্রান্তরে ঘুরে বেড়ানো বুনো ঘোড়া—প্রকৃতিপ্রেমীদের কাছে এই পরিবেশ বিশেষ আকর্ষণীয়। ব্রোকেনহার্স্ট এলাকায় রেল যোগাযোগ ভাল হওয়ায় গাড়ি ছাড়াও পৌঁছনো যায়। সেখান থেকে সাইকেল ভাড়া করে জঙ্গলের পথে ঘুরে বেড়াতে পারেন। ‘কটেজ লজ’-এ প্রাতরাশ-সহ দু’জনের থাকার খরচ শুরু ৯৯ পাউন্ড থেকে (১৬,৪৭৬ বাংলাদেশি টাকা)। রাতের খাবারের জন্য রয়েছে ‘আলবেরো’ রেস্তোরাঁ।

স্কটল্যান্ডের কেইরনগর্ম পর্বতাঞ্চল (ছবি: পেক্সেলস)

কেইরনগর্মসে স্কি করার সুযোগ

স্কটল্যান্ডের কেইরনগর্ম পর্বতাঞ্চলে রয়েছে কেইরনগর্ম মাউন্টেন রিসর্ট। ইউরোপের আল্পস পর্বতমালায় স্কি করতে গেলে যে বিপুল খরচ হয়, তার তুলনায় এখানে অনেক কম খরচে স্কি করার সুযোগ রয়েছে। প্রায় ২০ মাইল দীর্ঘ স্কি-ট্র্যাক রয়েছে এই রিসর্টে। প্রাপ্তবয়স্কদের এক দিনের লিফট পাসের খরচ ৩৯ পাউন্ড। বরফের পরিমাণ কম থাকলেও কেইরনগর্ম মাউন্টেন রেলওয়েতে চড়ে পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায়। নভেম্বর মাসে ট্রেনের টিকিট শুরু ৫ পাউন্ড থেকে। পাহাড়ের উপরে অবস্থিত ‘টার্মিগান’ রেস্তরাঁয় বসে খাওয়াদাওয়ার সুযোগও রয়েছে। কাছের আভিমোর শহরের ‘কেইরনগর্ম হোটেলে’ নাশতাসহ দু’জনের থাকার খরচ শুরু ১১৯ পাউন্ড থেকে (১৯,৮০৪ বাংলাদেশি টাকা)।

ডরসেটের স্যান্ডব্যাঙ্কস (ছবি: পেক্সেলস)

ডরসেটে সমুদ্রের ধারে সূর্যাস্ত

সূর্যোদয়ের জন্য ভোরে ঘুম থেকে উঠতে না চাইলে শীতের বিকেলে সূর্যাস্ত দেখতে যেতে পারেন ডরসেটের স্যান্ডব্যাঙ্কসে। পুল হারবারের প্রবেশপথের কাছে অবস্থিত এই সৈকতে সূর্য ডোবার সময় জলের উপর সোনালি, কমলা ও লাল আলোর ছটা ছড়িয়ে পড়ে। আরও বিস্তৃত দৃশ্য দেখতে কাছের ইভনিং হিলে যেতে পারেন। সেখান থেকে গোটা উপদ্বীপের প্রায় ১৮০ ডিগ্রি দৃশ্য দেখা যায়। সন্ধ্যার খাবারের জন্য রয়েছে ‘রিক স্টেইন স্যান্ডব্যাঙ্কস’ রেস্তরাঁ। সৈকতের কাছের ‘দ্য ক্যানফোর্ড’ হোটেলে নাশতাসহ দু’জনের থাকার খরচ শুরু ১৩২ পাউন্ড থেকে (২১,৯৬৭ বাংলাদেশি টাকা)।