অচেনা দেশে একা ভ্রমণ করতে গেলে নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। কখনও আনন্দ, কখনও আবার অস্বস্তিকর পরিস্থিতি। তবে ভারত ভ্রমণে এসে এক বিদেশিনির অভিজ্ঞতা বেশ অন্য রকম। সে দেশের মানুষের আতিথেয়তা ও আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন তিনি। তার কথায়, অপরিচিত হয়েও অনেকে যে ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তা তাকে মুগ্ধ করেছে।
সিমা নামে ওই ভ্রমণপিপাসু তরুণী ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। তার দাবি, বহু বছর ধরে বিভিন্ন দেশে ঘুরলেও ভারতের মতো মানুষের আন্তরিকতা খুব কম জায়গাতেই পেয়েছেন। তার কথায়, এখানে অপরিচিত মানুষও হাসিমুখে কথা বলেন, নিজে থেকে সাহায্য করতে এগিয়ে আসেন। বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশাও থাকে না তাদের।
একটি বাসযাত্রার অভিজ্ঞতার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন সিমা। কয়েক ঘণ্টা চলার পর শৌচাগার ব্যবহারের জন্য বাস থামে। কোথায় যেতে হবে বা কতক্ষণ সময় পাওয়া যাবে, তা বুঝতে পারছিলেন না তিনি। সেই সময় পাশের আসনে বসা এক ব্যক্তি তাকে সাহায্য করতে বাস থেকে নেমে শৌচাগারটি দেখিয়ে দেন। শুধু তা-ই নয়, বাস ছেড়ে চলে যাবে না, সিমা নিরাপদে ফিরে আসতে পারবেন সে বিষয়টি নিশ্চিত করতে বাসের বাইরেই অপেক্ষা করেন ওই ব্যক্তি।
পরে সিমা কফি খেতে চাওয়ার কথা জানালে কোথায় কফি পাওয়া যাবে, তা-ও দেখিয়ে দেন তিনি। ওই বিদেশিনির কথায়, সাহায্য করার পেছনে লোকটির কোনও বিশেষ কারণ ছিল না। নিছকই মানবিকতা ও সৌজন্যবোধ থেকে তিনি এই কাজ করেছেন। সিমার কথায়, ‘‘ভারত আমাকে অনেকটা শক্তি জুগিয়েছে। আর তার বড় অংশই এসেছে এখানকার মানুষের কাছ থেকে।’’
সিমার এই অভিজ্ঞতা সমাজমাধ্যমে অনেকের মন ছুঁয়েছে। এক নেটাগরিক লিখেছেন, অধিকাংশ ভারতীয় পুরুষই ভালো মানুষ। অন্য এক জনের মন্তব্য, ভারতের এই আন্তরিক ছবির কথা বিশ্বের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ। কেউ আবার ভারতীয়দের আতিথেয়তা ও সংস্কৃতির প্রশংসা করেছেন।