জিটিএ ৬-এর দুনিয়া এবার বাস্তবে! গেমের আদলে যে ৫ জায়গা

ভিডিও গেমের পর্দায় দেখা শহর, রাস্তা, সমুদ্রসৈকত কিংবা জলাভূমি যদি বাস্তবে ঘুরে দেখার সুযোগ মেলে, তা হলে কেমন হয়? ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)-এর অনুরাগীদের জন্য এমন অভিজ্ঞতার সুযোগ রয়েছে আমেরিকার ফ্লোরিডায়। দীর্ঘ অপেক্ষা ও একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর গেমটি খেলোয়াড়দের ফিরিয়ে এনেছে কাল্পনিক শহর ভাইস সিটিতে। মায়ামি শহরের আদলে তৈরি এই শহরের নানা জায়গার অনুপ্রেরণা মিলেছে ফ্লোরিডার বাস্তব ভূপ্রকৃতি ও জনপদ থেকে। গেমটি ঘিরে মায়ামির বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে ভাইস সিটি-থিমের সাইনবোর্ড, রেস্তোরাঁ, স্ট্রিট আর্ট এবং নাইটক্লাবের বিশেষ আয়োজনও।

গেমের জগৎ আর বাস্তবের ফারাক মুছে দিতে চাইলে ফ্লোরিডার পাঁচটি জায়গা ঘুরে দেখতে পারেন। কোথাও রয়েছে ঝলমলে শহুরে জীবন, কোথাও রঙিন দেওয়ালচিত্র, আবার কোথাও শান্ত দ্বীপপুঞ্জ, জলাভূমি ও বিস্তীর্ণ আখখেত।

মায়ামি বিচ (ছবি: সংগৃহীত)

মায়ামি বিচে ভাইস সিটির আমেজ

জিটিএ ৬-এর ভাইস সিটির অন্যতম অনুপ্রেরণা মায়ামি বিচ। এখানকার ঝলমলে রাস্তা, প্রাণবন্ত রাত্রিজীবন এবং চোখধাঁধানো শহুরে পরিবেশ গেমের আবহের সঙ্গে বেশ মিলে যায়। স্পোর্টস কার, নিয়ন আলোর ঝলকানি আর আর্ট ডেকো স্থাপত্যশৈলীর হোটেল এই এলাকার বিশেষ আকর্ষণ। সন্ধ্যার পর আলোকোজ্জ্বল রাস্তা ধরে হাঁটলে কিংবা সমুদ্রসৈকতের আশপাশে সময় কাটালে মিলবে ভাইস সিটির মতোই এক রঙিন অভিজ্ঞতা। গেমটি মুক্তির পর মায়ামির বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এর সঙ্গে সম্পর্কিত শিল্পকর্ম ও সাজসজ্জাও।

আর্ট গ্যালারির জন্য পরিচিত মায়ামির উইনউড আর্ট ডিস্ট্রিক্ট (ছবি: সংগৃহীত)

উইনউডের দেওয়ালে রঙিন শিল্পের ছোঁয়া

রঙিন স্ট্রিট আর্ট, বিশাল দেওয়ালচিত্র এবং আর্ট গ্যালারির জন্য পরিচিত মায়ামির উইনউড আর্ট ডিস্ট্রিক্ট। জিটিএ ৬-এর ‘স্টকইয়ার্ড’ এলাকার নেপথ্যে রয়েছে এই শিল্পসমৃদ্ধ অঞ্চল। এখানকার অন্যতম আকর্ষণ ‘উইনউড ওয়ালস’। খোলা আকাশের নীচে গড়ে ওঠা এই শিল্পকেন্দ্রে বিভিন্ন শিল্পীর আঁকা বিশাল আকারের রঙিন ছবি দেখতে পাওয়া যায়। পর্যটকেরা দেওয়ালচিত্রের সামনে ছবি তুলতে পারেন। চাইলে গ্রাফিতি আঁকার অভিজ্ঞতাও নিতে পারেন। শিল্প ও ফটোগ্রাফির প্রতি আগ্রহ থাকলে এই এলাকা ঘুরে দেখতে পারেন।

ফ্লোরিডা কি’জ দ্বীপপুঞ্জ (ছবি: সংগৃহীত)

ফ্লোরিডা কি’জে নীল জলরাশির হাতছানি

জিটিএ ৬-এর কাল্পনিক ‘লিওনিডা কি’জ’-এর বাস্তব অনুপ্রেরণা ফ্লোরিডা কি’জ দ্বীপপুঞ্জ। এখানকার সৌন্দর্য উপভোগের অন্যতম উপায় সড়কপথে ভ্রমণ। ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে এই পথে এগোলে চোখে পড়বে স্বচ্ছ নীল জলরাশি, সারি সারি নারকেলগাছ এবং ছোট ছোট দ্বীপ। শহুরে ব্যস্ততার বদলে এখানে সময় কাটে অনেক ধীর ছন্দে। পথের দু’পাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দীর্ঘ ড্রাইভও হয়ে উঠতে পারে ভ্রমণের অন্যতম আকর্ষণ।

ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্ক (ছবি: সংগৃহীত)

এভারগ্লেডসে জলাভূমির রোমাঞ্চ

জিটিএ ৬-এর ‘গ্রাসরিভার্স’ এলাকার অনুপ্রেরণা ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্ক। বিস্তীর্ণ জলাভূমি, অগভীর জলরাশি এবং কুমিরের জন্য পরিচিত এই প্রাকৃতিক অঞ্চল। গেমে জেসন ও লুসিয়ার নানা অভিযানের সঙ্গে জড়িয়ে রয়েছে এমনই জলাভূমি। ঘন গাছপালার মধ্যে দিয়ে অগভীর জলে নৌকা চলার দৃশ্যও দেখা যায় সেখানে।

বাস্তবে এভারগ্লেডস ঘুরে দেখতে পর্যটকেরা বিশেষ নৌবিহারের ট্যুর বুক করতে পারেন। নৌকায় চেপে জলাভূমির মধ্যে দিয়ে এগিয়ে গেলে কাছ থেকে দেখা যায় এলাকার অনন্য প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী। প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর পাশাপাশি মিলতে পারে রোমাঞ্চকর অভিজ্ঞতাও।

ফ্লোরিডার গ্রামীণ শহর ক্লিউইস্টন (ছবি: সংগৃহীত)

ক্লিউইস্টনে গ্রামীণ ফ্লোরিডার স্বাদ

ফ্লোরিডার ক্লিউইস্টন শহরের আদলে তৈরি হয়েছে জিটিএ ৬-এর ‘অ্যামব্রোসিয়া’ এলাকা। মায়ামির ব্যস্ত নগরজীবন থেকে দূরে এই অঞ্চলের পরিচয় কৃষিপ্রধান জনপদ হিসেবে। গেমে এখানে রয়েছে খামারবাড়ি, খাল এবং বিস্তীর্ণ আখক্ষেত। জলাশয় ঘেঁষা শান্ত জীবনযাত্রার ছবিও ফুটে উঠেছে এই এলাকার মাধ্যমে।

মায়ামির ঝলমলে রাত্রিজীবন ও ব্যস্ত রাস্তার সঙ্গে ক্লিউইস্টনের পরিবেশের বেশ পার্থক্য। এখানে শহুরে কোলাহলের বদলে চোখে পড়ে গ্রামীণ আবহ এবং শিল্পাঞ্চলের উপস্থিতি। ফ্লোরিডার অন্য রকম জীবনযাত্রা কাছ থেকে দেখতে চাইলে ক্লিউইস্টন ঘুরে আসতে পারেন।