‘স্টার ওয়ার্স’ মানেই মহাকাশের রহস্যময় জগৎ, ভিনগ্রহের অচেনা পরিবেশ আর রোমাঞ্চকর সব অভিযান। গল্প, অভিনয়শিল্পী ও বিশেষ দৃশ্যপ্রযুক্তির কারণে প্রজন্মের পর প্রজন্মের দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই চলচ্চিত্র সিরিজ। তবে যুক্তরাষ্ট্রের এমন একটি জায়গা রয়েছে, যেখানে গেলে মনে হতে পারে, যেন পৌঁছে গেছেন ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক গ্রহ ট্যাটুইনে। উটাহ অঙ্গরাজ্যের মরুভূমিতে অবস্থিত বিলাসবহুল এক রিসোর্টের পরিবেশ ও স্থাপত্য আপনাকে নিয়ে যাবে সেই কল্পনার জগতে।
রিসোর্টটির নাম আউটপোস্টএক্স। মরুভূমির নির্জন পরিবেশে গড়ে ওঠা এই আবাসনকেন্দ্র ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে কিছুটা সময় কাটানোর সুযোগ করে দেয়। চারদিকে বিস্তীর্ণ মরুভূমি, পাহাড় আর নিস্তব্ধতা। এখানে মোবাইল নেটওয়ার্কের সংযোগও সীমিত। ফলে দৈনন্দিন ব্যস্ততা ও ডিজিটাল যোগাযোগ থেকে বিরতি নিয়ে পরিবার কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ রয়েছে।
এক কনটেন্ট ক্রিয়েটর তার ভিডিওতে দেখিয়েছেন, নির্জন এলাকায় অবস্থিত এই রিসোর্টে থাকার অভিজ্ঞতা কতটা আলাদা হতে পারে। তার মতে, মোবাইল সংযোগের সীমাবদ্ধতার কারণে অতিথিরা ফোনের দিকে কম মনোযোগ দিয়ে একে অপরের সঙ্গে বেশি সময় কাটাতে পারেন।
মরুভূমির বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখার জন্য রয়েছে বিশেষ ধরনের স্যান্ড ক্রুজার। এসব যানবাহনে চড়ে বালুময় প্রান্তর ও আশপাশের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন পর্যটকেরা। রিসোর্টের গুহার মতো দেখতে ভিলাগুলোর স্থাপত্যও বেশ ব্যতিক্রমী। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যা ‘স্টার ওয়ার্স’-এর কাল্পনিক গ্রহ ট্যাটুইনে লুক স্কাইওয়াকারের বাড়ির কথা মনে করিয়ে দেয়। মরুভূমির পরিবেশের সঙ্গে মানানসই এসব আবাসন পর্যটকদের থাকার অভিজ্ঞতায় যোগ করে ভিন্ন মাত্রা।
থাকার ব্যবস্থা ও খরচ
আউটপোস্টএক্সে বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে। কাচের তৈরি ‘গ্লাস কেভ ভিলা’-তে এক রাত কাটাতে খরচ পড়বে ৩৩৮ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ হাজার ৩৮৫ টাকা। তুলনামূলক কম খরচে থাকতে চাইলে রয়েছে ‘মরোক্কান কেভ পড’। এর ভাড়া প্রতি রাতে ১৮০ ডলার বা প্রায় ২২ হাজার ৫৭২ টাকা। এ ছাড়া ক্যাম্পসাইট কিংবা আরভি ভাড়া নেওয়ার সুযোগও রয়েছে। এর জন্য প্রতি রাতে দিতে হবে ৪৮ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ১৯ টাকা।
রিসোর্টটির সবচেয়ে ব্যয়বহুল থাকার ব্যবস্থা ‘কেভ ২ লাক্স’। এখানে এক রাতের ভাড়া ৩৮৮ ডলার, অর্থাৎ প্রায় ৪৮ হাজার ৬৫৫ টাকা। ভিলাটিতে রয়েছে দুটি ব্যক্তিগত শোবার ঘর, বসার ঘর, অতিরিক্ত অতিথির থাকার জন্য পুল-আউট সোফা এবং থেরাপিউটিক ওয়াটারফল শাওয়ারযুক্ত বাথরুম। রান্নাঘরে রয়েছে মাইক্রোওয়েভ, স্টোভ, হাঁড়ি-পাতিল, রান্নার সরঞ্জাম ও বড় ফ্রিজ। ফলে অতিথিরা চাইলে নিজেদের মতো করে রান্নার ব্যবস্থাও করতে পারবেন।
অবসর কাটানোর নানা আয়োজন
রিসোর্টে থাকার পাশাপাশি সময় কাটানোর জন্য রয়েছে বেশ কিছু আয়োজন। মরুভূমি ঘুরে দেখার জন্য স্যান্ড ক্রুজারে চড়ার সুযোগ তো রয়েছেই। সাধারণ ব্যবহারের জায়গায় আছে হট টাব, সনা ও কোল্ড প্লাঞ্জের ব্যবস্থা। রয়েছে বিশ্রামের জন্য লাউঞ্জ, রাতের আকাশে তারা দেখার ডেক এবং আগুন পোহানোর ফায়ারপিট। পরিবার নিয়ে ভ্রমণ কিংবা দলবদ্ধভাবে ঘুরতে যাওয়ার জন্য রিসোর্টের ওয়েবসাইটে পাওয়া যায় বিশেষ পাস।
এখানে নিজের হাতে খাবার তৈরির অভিজ্ঞতাও নিতে পারেন অতিথিরা। এ ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে রিসোর্ট কর্তৃপক্ষ। সেসব উপকরণ ব্যবহার করে নিজেদের পছন্দমতো খাবার তৈরি করে নিতে পারবেন তারা।
কীভাবে যাবেন আউটপোস্টএক্সে
যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস থেকে গাড়িতে আউটপোস্টএক্সে পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। উটাহর সিডার সিটি রিসোর্টটির সবচেয়ে কাছের শহর। সেখান থেকে গাড়িতে যেতে সময় লাগে প্রায় ৩০ মিনিট। এ ছাড়া রিসোর্টটির আশপাশে রয়েছে সাতটি ন্যাশনাল পার্ক। ফলে এখানে অবস্থানের পাশাপাশি উটাহর মরুভূমি, পাহাড় ও জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখার সুযোগও পাবেন ভ্রমণকারীরা।