১৫৪ ট্যানারির জরিমানা স্থগিত

পরিবেশের ক্ষতি হিসেবে হাজারীবাগের ১৫৪ ট্যানারি মালিককে বকেয়া বাবদ ৩০ কোটি ৮৫ লাখ জরিমানা পরিশোধের আদেশ বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। তারা বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন। রবিবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ট্যানারি মালিকদের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।

হাজারীবাগের ট্যানারি শিল্প এলাকাএর আগে, গত ২ মার্চ ১৫৪ ট্যানারি কারখানাকে বকেয়া বাবদ ৩০ কোটি ৮৫ লাখ জরিমানা ২ সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

পরে এই আদেশ স্থগিত চেয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন হাইকোর্টে আবেদন করে। আদালতে ট্যানারি সংগঠনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।

প্রসঙ্গত, হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে সাভারের হেমায়েতপুরে নিতে আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় গত বছরের ১৮ জুলাই ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার টাকা করে ধার্য করেছিলেন আপিল বিভাগ। শিল্প সচিবকে এই অর্থ আদায়ের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছিল। আদালতের নির্দেশ উপেক্ষা করে হাজারীবাগে ট্যানারি প্রতিষ্ঠান চালু রাখায় ১৫৪ প্রতিষ্ঠানের মালিককে জরিমানা ১০ হাজার টাকা করে জরিমানা করেছিলেন হাইকোর্ট।

/এমটি/ইউআই/এমও/