অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডট নিউজের নিজস্ব প্রতিবেদক উৎপল দাস ১৫ দিন ধরে নিখোঁজ। গত ১০ অক্টোবর ঢাকার মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর তার আর খোঁজ মেলেনি। তরুণ এই সাংবাদিকের দুটি মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। তবে সোমবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ও মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তার একটি ফোন থেকে বাবার মোবাইলে কল আসে। কিন্তু পরমুহূর্তেই সেটি আবারও বন্ধ পাওয়া যায়। মুক্তিপণ চাওয়ার বিষয়টি নিজেদের এলাকার পুলিশ কর্মকর্তা এএসপি সোহরাব হোসেন কিরণ ও মতিঝিল থানা পুলিশকে অবহিত করেছেন তিনি।
উৎপলের নিখোঁজের ঘটনায় গত ২২ অক্টোবর পূর্বপশ্চিমবিডি ডট নিউজের সম্পাদক খুজিস্তা নূর ই নাহরীন মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি উল্লেখ করেন— গত ১০ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত অফিস করেছেন উৎপল দাস। তারপর থেকে তিনি আর অফিসে আসেননি। ১১ অক্টোবর সকাল ৮টার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। অফিসেও আর আসেননি। বিষয়টি তার পরিবারকে জানানো হয়। পরিবার, সহকর্মী ও বন্ধুদের কাছে খোঁজ নিয়েও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জিডিতে উল্লেখ করা হয়।
জিডিতে চিত্তরঞ্জন দাস আরও উল্লেখ করেন— ছেলেকে খুঁজে না পেয়ে পুরো পরিবারের দিন কাটছে উৎকণ্ঠায়। তার দাবি, কারও সঙ্গে কোনও বিরোধ কিংবা শত্রুতাও নেই উৎপলের। তিনি বলেন, ‘কেউ আমার ছেলেকে ধরে বা তুলে নিয়ে গেছে, এমন সন্দেহ করতে পারছি না। কিন্তু ১৩ দিনেও কোনও খবর না পেয়ে তার প্রাণনাশের আশঙ্কা হচ্ছে এখন।’
এ প্রসঙ্গে জানতে চাইলে মঙ্গলবার সন্ধ্যায় পূর্বপশ্চিমবিডি ডট নিউজের বার্তা সম্পাদক শাহনেওয়াজ খান সুমন বাংলা ট্রিবিউনকে জানান, ১০ অক্টোবরের পর থেকে তারা উৎপলের কোনও খোঁজ পাচ্ছেন না। ওইদিন ১টা ৪৩ মিনিটে তিনি পাবনার এক ছাত্রলীগ নেতার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বলে পুলিশ আমাদের জানিয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তখন তার অবস্থান ছিল ধানমন্ডির ৩২ নম্বর এলাকায়। এর কিছুক্ষণ পর ১টা ৪৭ মিনিট থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে বলে ট্র্যাকিং করে জেনেছে পুলিশ। এরপর আর তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তার অবস্থান কোথায় তাও জানা যাচ্ছে না।
উৎপলের নম্বর জালিয়াতি করে এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে বলে ধারণা করছেন শাহনেওয়াজ খান সুমন। কারণ তার বাবা উৎপলের সঙ্গে কথা বলতে চাইলেই লাইন কেটে দেওয়া হয়েছে। সেজন্য চিত্তরঞ্জন দাসেরও ধারণা, উৎপলের মোবাইল ফোন নম্বর জালিয়াতি করে তার কাছে টাকা চাওয়া হয়েছে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিপণ নেওয়ার সময় উৎপলকে নিয়ে আসতে হবে এবং তাকে দেখলেই কেবল মুক্তিপণের টাকা দিতে রাজি আছি জানালে অন্য প্রান্ত থেকে কল কেটে দেওয়া হয়।’
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে জানান, তারা উৎপল দাসের নিখোঁজ হওয়ার সব বিষয়ে অবহিত আছেন। তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া ছাড়াও তারা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও খোঁজ পাননি। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান কোথায় তা এখনও জানতে পারেনি পুলিশ। তবে চিত্তরঞ্জন দাসের ফোনে যে মোবাইল নম্বর থেকে কল এসেছে সেটা স্ফুপিং (অবিকল একই নম্বর) করা বলেও ধারণা করছেন তিনি।