খিলগাঁওয়ে ঝিল থেকে ‘মাদক ব্যবসায়ী’র লাশ উদ্ধার

ঢাকারাজধানীর খিলগাঁওয়ের একটি ঝিল থেকে হারুন (৩০) নামে এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। খিলগাঁও থানা পুলিশ দাবি করছে, নিহত তরুণ এলাকায় চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। তবে, নিহতের চাচা আবুল হাশেম বলেন, ‘পুলিশের ধাওয়ায় সে ঝিলে লাফিয়ে পড়ে মারা গেছে।’

রবিবার (২০ মে) বিকালে খিলগাঁওয়ের মেরাদিয়ার ঝিল থেকে হারুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হারুন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ এলাকার আবদুল হাইয়ের ছেলে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পরিবারের সঙ্গে থাকতো।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, ‘শনিবার (১৯ মে) রাতে মেরাদিয়ায় ঝিলপাড়ে অভিযান চালিয়ে জনি ও সুমনসহ তিন জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিল থেকে হারুনের মরদেহ উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘শনিবার রাতে অভিযানের সময় হারুন পালানোর চেষ্টা করেছিল। কাদাযুক্ত ঝিলে আটকে তার মৃত্যু হয় বলে ধারণা করছি। তবে, তারা সবাই মাদক বিক্রেতা ও সেবনকারী।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।