ভোক্তাদের হাতে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) সর্বোচ্চ সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। তিনি বলেন, ‘বিএসটিআই কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সততা, নিষ্ঠার সঙ্গে দ্রুততম সময়ে জনগণকে সেবা দিতে হবে। পণ্যের মানের বিষয়ে আপসহীন থাকতে হবে।’ বুধবার ( ৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিএসটিআই’র প্রধান কার্যালয়ে অফিস-শৃঙ্খলা ও আচরণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন বলেন, ‘বিএসটিআইর লোগোকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’ তিনি বলেন, ‘বিএসটিআই দেশের একমাত্র জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তাই এ প্রতিষ্ঠানের প্রতি মানুষের ভরসা থাকতে হবে।’ তিনি আরও বলেন, বিএসটিআই’র লোগো শুধু দেশের গণ্ডির মধ্যে থাকে না।’ আমদানি-রফতানির ক্ষেত্রে এই লোগো আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
কর্মশালায় বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনের সভাপতিত্বে এ সংস্থার বিভিন্ন উইংয়ের পরিচালকসহ অন্যরা উপস্থিত ছিলেন।