গোপীবাগের সংঘর্ষের ঘটনায় বিএনপির দুই কর্মী রিমান্ডে

আদালতরাজধানীর গোপীবাগে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার সময় বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় বিএনপির দুই কর্মীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, আনিসুর রহমান ও জাফর ইকবাল।

ওয়ারি থানার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার আলী আসামিদের আদালতে হাজির করেন। তিনি মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের এই আদেশ দেন। সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২৬ জানুয়ারি দুপুরে গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনায় রাতে ওয়ারী থানায় বিএনপির ৫০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ৩৯নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাকসুদ আহমেদ বাদী হয়ে মামলা করেন।

আরও পড়ুন:
ইশরাকের গণসংযোগে হামলা, সংঘর্ষে আহত ১০

আ. লীগকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫ কর্মী রিমান্ডে