সোমবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৮ নভেম্বর এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার রুল জারি করেন।
এর আগে ২০১৯ সালের ২১ আগস্ট নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্লাহ হাইস্কুলের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র মজুমদারের এমপিও শিক্ষা মন্ত্রণালয় স্থগিত করেন। শিক্ষা মন্ত্রণালয়ের এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নারায়ন চন্দ্র মজুমদার।
রিটের শুনানি নিয়ে ২০১৯ সালের ৫ নভেম্বর হাইকোর্ট এমপিও স্থগিতের আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ দেন এবং নারায়ন চন্দ্র মজুমদারকে এমপিও ফিরিয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়সহ বিবাদীরা আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগ তাদের আবেদন খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
এরপরও আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়নি। তাই নারায়ন চন্দ্র মজুমদার শিক্ষা সচিবসহ বিবাদীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। সেই মামলার শুনানি নিয়ে আদালত শিক্ষা সচিব সহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলেন।