‘পুরুষ ধর্ষণ’কে অপরাধ হিসেবে আইনে সংযুক্ত করার নির্দেশনা চেয়ে রিট

পুরুষ ধর্ষণসহ অন্যান্য ধর্ষণকে নারী ধর্ষণের মতো অপরাধ হিসেবে যুক্ত করতে দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিন জন এ রিট দায়ের করেন। রিটকারীরা হলেন—আইনজীবী তাসমিয়া নূহাইয়া আহমেদ, সমাজকর্মী ড. মাসুম বিল্লাহ এবং ড. সৌমেন ভৌমিক।

রিট আবেদনে আইন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনকারীদের আইনজীবী তাপস কান্তি বল জানান, সম্প্রতি ছেলেশিশু তথা পুরুষকে যৌন নির্যাতন ও বলৎকারের ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই ধরনের নির্যাতনকে ধর্ষণের অপরাধ হিসেবে বিচার করা যাচ্ছে না। এ কারণে দণ্ডবিধির ৩৭৫ ধারায় সংশোধন এনে ‘নারী ধর্ষণ’ এর অপরাধের পাশাপাশি অপরাধ হিসেবে ‘পুরুষ ধর্ষণ’ বিষয়টিকে যুক্ত করার আবেদন করা হয়েছে।

রিট আবেদনে আরও বলা হয়, দণ্ডবিধির ৩৭৫ ধারায় শুধু পুরুষ দ্বারা নারীদের ধর্ষণের বিষয়ে বলা আছে। এখানে সম্মতি ছাড়া নারীর দ্বারা নারী, নারীর দ্বারা পুরুষ, পুরুষ দ্বারা পুরুষ এবং একজন ট্রান্সজেন্ডার আরেক ট্রান্সজেন্ডারের দ্বারা যৌন নিপীড়নের বিষয়টি উল্লেখ নেই। যা আইনে সংযুক্ত হওয়া জরুরি।