ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার রায় প্রায় ৬ বছর পর ঘোষণা করা হয়েছে। মামলার রায়ে পাঁচ আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে ট্রাইব্যুনালের এ রায়ে যেন বিচলিত নয় দণ্ডপ্রাপ্ত আসামিরা। আদালতে প্রবেশ করা থেকে রায় ঘোষণার শেষ পর্যন্ত খুবই হাস্যোজ্জ্বল থাকতে দেখা গেছে তাদের।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫২ মিনিটে আদালতের কাঠগড়ায় হাজির করা হয় আসামিদের। এরপর বিচারক এজলাসে আসা পর্যন্ত পুরোটা সময় আসামিদের একে অপরের সঙ্গে হাসিখুশিভাবে কথা বলতে দেখা গেছে।
এর আগে আজ সকাল ১০টায় কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চার আসামিকে আদালতের হাজতখানায় আনা হয়। এরপর ১১টা ৫০ মিনিটে তাদের আদালতে হাজির করা হয়। দুপুর ১২টা ২ মিনিটে বিচারক রায় পড়া শুরু করেন। এ সময় পলাতক দুই আসামি ছাড়া বাকি চার আসামি আদালতে উপস্থিত ছিল। রায় পড়ার শুরু থেকে শেষ পর্যন্ত তাদের চেহারা হাস্যোজ্জ্বল ছিল।
অভিজিৎ হত্যা মামলার আসামিরা হলেন, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহা (৩৪), মো. আরাফাত রহমান (২৪), শাফিউর রহমান ফারাবী (২৯), সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর (বহিষ্কৃত) জিয়া এবং আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ওরফে হাসিবুল ওরফে আবদুল্লাহ।
আরও পড়ুন:
অভিজিৎ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড