রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং "টক্কর ল" গ্রুপের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) সদস্যরা। বুধবার (১৯ মে) দুপুরে র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। র্যাব-২ তার দায়িত্বপূর্ণ এলাকায় কিশোর অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ সংশোধনের নিমিত্তে কার্যক্রম চলমান রেখেছে। এ ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ মে) বিকাল থেকে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুরের পশ্চিম বাঁশবাড়ি থেকে মো. রাকিব হোসেন(১৯), মো. শাহাদাত(১৭), মো. জিদান (১৫) ও মো. শাহিনকে (১৫) প্রথমে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করে র্যাব-২।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত মোহাম্মদপুর থানা এলাকায় ছিনতাই করে এবং জোরপূর্বক চাঁদা আদায় করতো। মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে রাস্তায় চলাচলরত সাধারণ জনগণের কাছ থেকে টাকা-পয়সা, সোনার অলঙ্কার, মোবাইলফোনের ও মূল্যবান দ্রব্য সামগ্রীসহ মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, তারা সবাই কিশোর গ্যাংয়ের গ্রুপ ‘টক্কর ল’ গ্রুপের সদস্য এবং তাদের লিডার মো. শাকিলের নির্দেশে ওই এলাকায় ছিনতাই ছাড়াও চুরি, মারামারিসহ নানা অপকর্মের সঙ্গে সম্পৃক্ত। তাছাড়া ওই এলাকায় আরও কয়েকটি কিশোর গ্যাংয়ের সঙ্গে তাদের আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার মারামারিও হয়েছে। এলাকার নিরীহ মানুষ এদের কাছে জিম্মি, বিভিন্ন সময় তাদের চাঁদা দিতে হয়।