স্ত্রী ও দুই শিশু সন্তানকে ফেলে আমেরিকা প্রবাসী নারীকে বিয়ে করে পালিয়ে যাওয়ার আগেই এক ব্যক্তিকে আটক করেছে বগুড়া পুলিশ। পরে তাকে আদালতে হস্তান্তর করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সোমবার (১৯ জুলাই) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ার দুপচাচিয়া থেকে দুই সন্তানের জননী এক নারী পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের কাছে স্বামীর নির্যাতনের কথা জানিয়ে সহযোগিতা চান। তিনি পুলিশকে জানান, তার স্বামী আমেরিকা প্রবাসী এক নারীর সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর থেকেই তার ওপর নিপীড়ন ও নির্যাতন শুরু করেন। একপর্যায়ে দুই শিশু সন্তানসহ তাকে ফেলে চলে যায় তার স্বামী।
পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, আমেরিকা প্রবাসী ওই বাংলাদেশি নারী বর্তমানে দেশে অবস্থান করছেন। তাকে ও দুই সন্তানকে না জানিয়ে তার স্বামী ওই নারীকে বিয়ে করেন। কোনও টাকা-পয়সা বা সংসার চালানোর ব্যবস্থাও করে যাননি। দুই শিশু সন্তান নিয়ে তিনি কষ্টে পড়ে যান। একপর্যায়ে তিনি সন্তানসহ দুপচাচিয়ায় বাবা-মায়ের কাছে গিয়ে আশ্রয় নেন।
পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং তার বার্তাটি পেয়ে নওগাঁ সদর থানার ওসি মো. নজরুল ইসলাম জুয়েলকে পাঠিয়ে ওই নারী ও তার সন্তানদের আইনসম্মত অধিকার নিশ্চিত করার জন্য নির্দেশনা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়। ওই নারীর ইচ্ছা অনুযায়ী, তার স্বামী আমেরিকা প্রবাসী সেই নারীকে ইতোমধ্যে বিয়ে না করে থাকলে, তাকে তার স্ত্রী ও সন্তানদের কাছে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে আশ্বাস দেয় পুলিশ।
নওগাঁ সদর থানার ওসি মো. নজরুল ইসলাম জুয়েল প্রাথমিক তদন্তে জানতে পারেন, ওই ব্যক্তি সেই নারীকে ইতোমধ্যে বিয়ে করেছেন। পুলিশ এটাও নিশ্চিত হয় যে ওই ব্যক্তি তার প্রথম স্ত্রী ও সন্তানদের কাছে ফিরে আসবে না। এ তথ্য জানার পর ভুক্তভোগী প্রথম স্ত্রী অভিযোগ দায়েরের ইচ্ছা ব্যক্ত করেন। এরপর, নওগাঁ সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। পরে তাকে আদালতে পাঠালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।