রূপগঞ্জ ট্র্যাজেডি: আরও ২১ মরদেহ শনিবার হস্তান্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় নিহত আরও ২১ জন শ্রমিকের মরদেহ শনিবার (৭ আগস্ট) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আজ বুধবার (৪ আগস্ট) ২৪ জনের মরদেহ তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করেছে সিআইডি। 

ওই ঘটনায় আগুনে মারা যাওয়া ৪৮টি মরদেহের মধ্যে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে ৪৫ জন শ্রমিকের পরিচয় নিশ্চিত করা গেছে। নারায়ণগঞ্জ জেলার  সিআইডি’র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জীবন কান্তি সরকার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘৪৮টি মরদেহের মধ্যে এ পর্যন্ত ৪৫ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি তিন জনের পরিচয় নির্ণয়ের কাজ চলছে।’

জীবন কান্তি সরকার বলেন, ‘আমরা ২৪ জনের মরদেহ বুধবার বিকালের মধ্যে পরিবারের কাছে   হস্তান্তর করা হয়েছে। পরিচয় পাওয়া ৪৫ জনের মধ্যে  বাকি ২১ জনের মরদেহ আগামী শনিবার (৭ আগস্ট)  সকাল থেকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

যে ২১ জনের লাশ আগামী শনিবার (৭ আগস্ট) হস্তান্তর করা হবে, সিআইডি সূত্রে তাদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হচ্ছেন— মাহমুদা আক্তার, সান্তা মনি, মাহবুবুর রহমান, জিহাদ রানা, রহিমা আক্তার, মিনা খাতুন, মো. নোমান, আমেনা আক্তার, রহিমা, রাবেয়া আক্তার, মো. আকাশ মিয়া, মো. নাজমুল হোসেন, কল্পনা রানী বর্মন, স্বপন মিয়া, শেফালী রানী সরকার, অমৃতা বেগম, মো. শামীম, সেলিনা আক্তার, তাসলিমা আক্তার, ফাকিমা আক্তার ও মো. হাসনাইন।

আরও পড়ুন:

২৪ জনের লাশ বুঝে পেলেন স্বজনেরা