হাফ ভাড়া দিতে চাওয়ায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ঠিকানা পরিবহনের চালক ও হেলপারের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল এবং হেলপার মোহাম্মদ মেহেদী হাসান।
সোমবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরার আদালত রিমান্ডের এই আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন জিআর শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিন চকবাজার থানার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রবিবার (২১ নভেম্বর) ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল এবং হেলপার মোহাম্মদ মেহেদী হাসানকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
অভিযোগে বাদী উল্লেখ করেন, শনিবার (২০ নভেম্বর) রাজধানীর শনির আখড়ায় ওই শিক্ষার্থী ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন। তার কাছে বাস ভাড়া চাওয়া নিয়ে কুরুচিপূর্ণ আচরণ, গালাগাল ও অশোভন আচরণ করা হয়। বাস থেকে নামার সময় তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।