রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে ব্যাগ চুরির চেষ্টাকালে একটি সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিন জন হলো– আব্দুল মতিন (৩৮), সোহাগ (৪০) ও আমির (৪৮)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, ‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ভাসমান হিসেবে বসবাস করে মিরপুর-১০ নম্বর গোলচত্বর কেন্দ্রিক চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা ব্যাগ চুরির অপরাধ করছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই অভিনব চুরির ভিডিও ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
‘মিরপুর মডেল থানার একটি টিম মঙ্গলবার মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধ ডিউটি করার সময় এই চক্রটিকে পুনরায় চলন্ত এক মোটরসাইকেলের ব্যাগ চুরির চেষ্টাকালে হাতেনাতে গ্রেফতার করে।’
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে সাজা দেওয়া হয়েছে।