‘শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশকে’ গুলির ঘটনায় গ্রেফতার ১

রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। রোববার হাতিরঝিল থানাধীন উত্তর নয়াটোলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ১২ জুন দুপুর ২টার দিকে জুমার নামাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকায় বিটিভি ভবনের বিপরীতে লাবিবা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে পৌঁছালে ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার সূত্রে র‍্যাব জানতে পারে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইয়াছিন খান পলাশ ও আসামিদের মধ্যে দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জেরে গ্রেফতার আসামি ও তার সহযোগীরা পলাশকে হত্যার সুযোগ খুঁজছিলেন।

গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত পলাশের ছেলে ইউসুফ খান পলক ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে অটোরিকশায় করে রামপুরার ডেল্টা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ১৩ জুন হাতিরঝিল থানায় মামলা করা হয়। মামলার নম্বর-৮।

র‍্যাব জানায়, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হওয়ার পর র‍্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে। সাক্ষীদের দেওয়া তথ্য-প্রমাণ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মারুফ সুলতান ওরফে ফেরদৌসকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।